ওসমানী হাসপাতালে নবজাতক রেখে ‘বাবা-মা’ উধাও!
প্রকাশিত হয়েছে : ১:৪৩:৫০,অপরাহ্ন ২২ মে ২০১৯ | সংবাদটি ৪২৫ বার পঠিত

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতক শিশুকে রেখে তার বাবা ও মা পালিয়ে গেছেন বলে জানা গেছে। এ অবস্থায় কোনো উপায় না দেখে অসহায় এবং অসুস্থ নবজাতককে চিকিৎসা দিয়ে হাজির করা হয় আদালতে। মঙ্গলবার (২১ মে) আদালতের সিদ্ধান্ত অনুযায়ি নবজাতক শিশুটিকে এক পুলিশ সদস্যের জিম্মায় রাখা হয়েছে।
ওসমানী হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মে সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে নবজাতক ওই শিশুটিকে নিয়ে ভর্তি হন এক দম্পতি। হাসপাতালের রেজিস্ট্রারে শিশুটির বাবার নাম শিমুল আহমদ ও মায়ের নাম আয়শা বেগম এবং ঠিকানা শিবগঞ্জ সোনারপাড়া, সিলেট লেখানো হয়। কিন্তু ওইদিনই সন্ধ্যায় শিশুটিকে হাসপাতালে রেখে উধাও হয়ে যান কথিত ওই ‘বাবা-মা’।
ওসমানী হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ ওমর ফারুক বলেন, ‘নবজাতক শিশুটিকে রেখে বাবা-মা উধাও হয়ে যাওয়ার পর থেকে গত তিন দিন আমরা সবাই মিলে শিশুটির দেখভাল করি। অসুস্থ শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।’
তিনি জানান- আজ মঙ্গলবার শিশুটিকে সুস্থ হিসেবে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলে এর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শিশুটিকে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোস্তাইন বিল্লাহ এর আদালতে হাজির করা হয়।
আদালতের কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, নবজাতক শিশুটিকে নিতে আদালতে আবেদন করেন পুলিশ সদস্য রবিউল হোসেন। তিনি আদালতে কর্মরত। আদালত আবেদন বিবেচনা করে শিশুটিকে রবিউলের জিম্মায় দেন।
