জকিগঞ্জে দুই শতাধিক মানুষের মধ্যে এইচ টি এ সেবা ফাউন্ডেশনের উপহার
প্রকাশিত হয়েছে : ২:০৯:০৬,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩৮৩ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ উপজেলার দুই শতাধিক কর্মহীন ও নিম্নআয়ের মানুষের মধ্যে উপহার (প্রত্যেককে নগদ ৫০০টাকা) বিতরণ করেছে এইচ টি এ সেবা ফাউন্ডেশন। আজ বুধবার বেলা আড়াইটায় খলাছড়া ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জকিগঞ্জ বিয়ানীবাজার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। তিনি এইচ টি এ সেবা ফাউন্ডেশনের মানবিক উপহারকে ধন্যবাদ জানিয়ে বলেন আপনারা কর্মহীন হওয়ায় ফাউন্ডেশন টাকা দিচ্ছে। আমরা পুলিশও আপনাদের জন্য মাঠে কাজ করছি। খবর পেলে বাড়ি বাড়ি গিয়ে খাবার দিচ্ছি। সেহেতু আপনারা ঘরে থাকুন, সচেতন হউন। নিজে নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদে রাখুন।
বিতরণের সময় উপস্থিত ছিলেন এইচ টি এ সেবা ফাউন্ডেশনের ইউনুস আলী ওহাব, বদরুল হক বাদল, এনামুল হক মুন্না, জাহেদ আহমদ ও তুহিনুল হক প্রমূখ। পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে বাড়ি বাড়ি উপহার (টাকা) পৌঁছে দেওয়া হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, লন্ডন প্রবাসী আশিক আহমদ বলেন দীর্ঘ ১৬বছর থেকে এই ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে রয়েছে। অতীতের সকল দূর্যোগে যেভাবে সহযোগিতা করা হয়েছিল, তেমনি বর্তমান এই করোনা সংকটেও কর্মহীন এবং অসহায়দের পাশে রয়েছে ফাউন্ডেশন। তাদের সহায়তা দিতে এইচটিএ সেবা ফাউন্ডেশন ধারাবাহিকভাবে বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মূলত নিম্নআয়ের মানুষেরা যে কাউকে সহযোগিতার জন্য বলতে পারে।কিন্তু মধ্যবিত্ত পরিবার কাউকে বলতে পারে না।নিরবে তাদের কষ্ট সহ্য করতে হয়। সেহেতু নিম্নআয়ের মানুষের সহায়তার পাশাপাশি মধ্যবিত্ত ৫০টি পরিবারকে এক বস্তা করে চাল দেওয়া হবে। শুধু জকিগঞ্জ তথা সিলেট নয়, দেশের বিভিন্ন স্থানে এই ফাউন্ডেশন নিরলসভাবে মানুষকে সহায়তা করে আসছে। ভবিষ্যতে সহযোগিতার এ ধারা অব্যাহত থাকবে। ফাউন্ডেশনের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় সহ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
