রমজানে ব্যাংক লেনদেনের সময়সূচি
প্রকাশিত হয়েছে : ২:৪১:৪০,অপরাহ্ন ২০ মে ২০১৬ | সংবাদটি ৭৩৮ বার পঠিত
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন দাপ্তরিক সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী রমজান চলাকালীন প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গ্রাহকরা ব্যাংক লেনদেন করতে পারবে। তবে ব্যাংক খোলা থাকবে যথারীতি বিকেল ৪টা পর্যন্ত।
বৃহস্পতিবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের দুটি পৃথক সার্কুলারে এ সময়সূচির কথা জানানো হয়।
এতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশে কার্যরত ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে প্রতিদিন দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংক লেনদেন অব্যাহত রাখা যাবে।
সার্কুলারে আরও বলা হয়, পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর অফিস সময়সূচি পূর্বাবস্থায় ফিরে আসবে।

