সিলেট সিটি মেয়রের সাথে আসামের বাণিজ্য মন্ত্রীর সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ৭:১৫:৪৪,অপরাহ্ন ২৭ জুন ২০১৯ | সংবাদটি ৩০৩ বার পঠিত

ভারেতের উত্তর-পূর্ব রাজ্য আসামের সাথে সিলেটের সম্পর্ক দীর্ঘ দিনের উল্লেখ করে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, এই রাজ্যে বাংলাদেশ সহ সিলেটের পণ্য রপ্তানী বৃদ্ধি এবং আমদানী-রপ্তানী বাণিজ্যের সমতা আনয়নে সংশ্লিষ্টদের কাজ করার আহবান জানান।
বৃহস্পতিবার (২৭ জুন) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে আসাম রাজ্য সরকারের বাণিজ্য ও পরিবহন মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সাথে সৌজন্য সাক্ষাতে এলে এক আলোচনায় এসব কথা বলেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসাম, মেঘালয় সহ সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলোর সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক অতীতের মতো এখনো বজায় রাখতে হবে। তবেই আসাম সহ সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলোর সাথে সিলেট সহ বাংলাদেশের ব্যবসা-বানিজ্যের প্রসার ঘটবে।
এর আগে আসাম রাজ্য সরকারের বাণিজ্য ও পরিবহন মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী সহ প্রতিনিধি দল সিলেট নগর ভবনে আসলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান মেয়র আরিফুল হক চৌধুরী। পরে তারা এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে আসাম রাজ্য সরকারের পক্ষ্য থেকে মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে উপহার সামগ্রী তুলে দেন।
বৈঠকে আসাম রাজ্য সরকারের বাণিজ্য ও পরিবহন মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী জানান, সীমান্তবর্তী বৃহত্তর সিলেটের মানুষের সাথে আসামের মানুষের অতীতের সু-সম্পর্ক বজায় রেখে তা আরো সু-দৃঢ় করতে তার সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সবসময় বিবেচনা করে ভারত।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, আসাম রাজ্য সভার এডিশনাল চীফ সেক্রেটারী জশুনা বড়ুয়া, প্রিন্সিপাল সেক্রেটারী অভিনাশ জোশী, সহকারী হাই কমিশনার শ্রী এল. কৃষ্ণমূর্তি, ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব এমএস নবনিতা চক্রবর্তী প্রমূখ। এছাড়া সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান উপস্থিত ছিলেন।
