আল্লামা আহমদ শফী হাসপাতালে
প্রকাশিত হয়েছে : ১০:৩০:০৩,অপরাহ্ন ১৪ আগস্ট ২০১৬ | সংবাদটি ১৫০৮ বার পঠিত
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিষয়টি নিশ্চিত করেছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, আহমদ শফী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। এছাড়া তার শারীরিক অবস্থাও বেশ দুর্বল।
শাহ আহমদ শফী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামের প্রধান। যেটি হাটহাজারী মাদ্রাসা নামে পরিচিত।
এছাড়া তিনি বাংলাদেশ কাওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান। শফী তার ভক্তদের কাছে বড় হুজুর নামে পরিচিত।

