কালিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ আটক ৬
প্রকাশিত হয়েছে : ৯:৪৫:০৩,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩৫৪ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জের কালীগঞ্জে রোববার সকালে ট্রাক ভর্তি সরকারি চাল অাটক করে জনতা। খবর পেয়ে পুলিশ ট্রাক ভর্তি চালসহ ৬ জনকে অাট করেছে।
জকিগঞ্জ থানার ওসি মীর মো: অাব্দুন নাসের জানান, খাদ্য বান্ধব কর্মসূচির অধীনে উপজেলার কসকনকপুর, মানিকপুর ও বারঠাকুরি ইউনিয়নে ডিলারের মাধ্যমে ১০ টাকা দরে জনপ্রতি ৩০ কেজি করে বিক্রির কথা ছিল। পারস্পরিক যোগসাজশে নিয়ম বহির্ভূত কয়েকজনের ব্যক্তিগত দোকানে নেয়া হয়েছিল চাল। কালীগঞ্জ বাজারের হোসেন এন্ড সন্সের সামনে নামানোর সময় বাজারের ক্রেতা বিক্রেতা ও উপস্থিত জনতা ট্রাকভর্তি চাল অাটক করে পুলিশকে খবর দেয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে উপজেলার খাসেরা গ্রামের জয়নুল আহমদ(২৭), উত্তর আইওর গ্রামের অাব্দুল মুকিত, ট্রাক চালক কামরুল ইসলাম(২৭), ট্রাকের হেলপার সাইফ উদ্দিন(৩০) এবং আটক চাল লুটের অভিযোগে নগরকান্দি গ্রামের দেলোয়ার হোসেন(২৯) ও দেওযানচকের বিপ্লব আহমদ(২৮)কে পুলিশ আটক করেছে।
আটক অাব্দুল মুকিতের দাবি, ট্রাকে মানিকপুরের ২২৮ বস্তা, কসকনকপুরের ২২৮ বস্তা ও বারঠাকুরির ১২০ বস্তা করে তিনজন ডিলারের ৫৭০ বস্তা চাল ছিল।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ইতোমধ্যে কয়েক জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা হচ্ছে। যে বা যারা এ ঘটনায় জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
ইউএনও বিজন কুমার সিংহ বলেন, খাদ্য অধিদপ্তরের চাল আটক করা হয়েছে। বৈধ হলে চালের সাথে অবশ্যই কাগজপত্র থাকবে, স্বচ্ছতা থাকবে। এ ঘটনায় খাদ্য বিভাগ বাদী হয়ে মামলা করবে। ট্রাকসহ ৩৪৬বস্তা চাল জব্ধ করা হয়েছে বলে জানান তিনি।
তবে জব্ধকৃত ট্রাক থেকে কিছু চাল নিয়ে যায় উপস্থিত জনতা। পরে পুলিশের কঠোর হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়।
