কোরবানি শুধু আল্লাহর জন্য
প্রকাশিত হয়েছে : ৯:৪৯:৪৪,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৯৮ বার পঠিত
আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তাই সব ইবাদতের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন। রিয়া বা লৌকিকতার জন্য নয়। কিন্তু স্বভাবগত কারণেই কোনো কোনো ইবাদতের সময় মানুষের অন্তরে বিরাজ করে রিয়া বা লৌকিকতা, যা আচার-আচরণে প্রকাশ পায়। ঈদুল আজহার কোরবানি এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। কোরবানির পশু কেনার সময় থেকে শুরু হয় অনেকের প্রভাব, প্রতিপত্তি ও খ্যাতি প্রদর্শন। কয়েক দিন ধরে চলতে থাকে কোরবানির পশুর সংখ্যা ও দাম নিয়ে আলোচনা এবং নিজের সামর্থ্য প্রচারণা।
কোরবানি নিজের অর্থবিত্ত প্রকাশের মাধ্যম নয়। কোরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যে প্রিয় জিনিস উৎসর্গ করা। মহান আল্লাহ বলেনÑ ‘অতএব তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড় এবং কোরবানি কর।’ (সূরা কাউসার : ২)।
বর্তমানে পশু কোরবানির ক্ষেত্রে মানুষকে লৌকিকতার বাতিক পেয়ে বসেছে। আল্লাহর সন্তুষ্টির চেয়ে সমাজে নিজের অবস্থান ও জনগণের দৃষ্টি আকর্ষণ করাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। অনেকে মনে করে, আমি কোরবানি না দিলে মানুষ আমাকে কৃপণ মনে করবে; তাই কোরবানি করি। আবার কেউ কেউ কোরবানি করে গোশত খাওয়ার উদ্দেশ্যে। এ ধরনের নিয়ত প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, ‘সব কাজই নিয়তের ওপর নির্ভর করে। আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে।’ (বোখারি : ১)।
আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার অন্তরের তাকওয়াকে শুধু দেখেন এবং বেশি গুরুত্ব দেন। আল্লাহ তায়ালা বলেনÑ ‘আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। এভাবে তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর এজন্য যে, তিনি তোমাদের পথপ্রদর্শন করেছেন। সুতরাং আপনি সুসংবাদ দিন সৎকর্মপরায়ণদের।’ (সূরা হজ : ৩৭)।
বস্তুত কোরবানি হতে হবে আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য। এটাই হলো আল্লাহ তায়ালার নির্দেশ। আল্লাহ বলেনÑ ‘হে নবী! আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।’ (সূরা আনআম : ১৬২)।
কোরবানির অন্যতম উদ্দেশ্য হলো ত্যাগ করার মানসিকতা তৈরি করা। আল্লাহর বিধান পালনে জানমালের ত্যাগ স্বীকার করার অনুভূতি লালন করা। কোরবানি ঈদকে গোশত খাওয়ার অনুষ্ঠানে পরিণত করা নয়। তাই আমাদের সবার উচিত ইখলাসের সঙ্গে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা।
হ মো. রুহুল আমিন খান
