গোয়াইনঘাটে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৫:১৩:১০,অপরাহ্ন ০৩ জুন ২০১৯ | সংবাদটি ৩১৩ বার পঠিত
গোয়াইনঘাটে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সুদীপ বড়ুয়া (৪৫) গোয়ানঘাট থানায় উপ পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (২ জুন) বিকেলে থানা কম্পাউন্ডের বাসা থেকে সুদীপের লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, সদীপ বড়ুয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার সোনাইচড়ি এলাকার মৃত রবীন্দ্র লাল বড়ুয়ার ছেলে। প্রায় ২৮ বছর ধরে পুলিশে চাকরি করছেন। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি তিনি গোয়াইনঘাট থানায় যোগদান করেন।
সুদীপ বড়ুয়ার এক ছেলে নৌবাহিনীর স্কুলে এবং মেয়ে মেডিকেল কলেজে পড়াশোনা করছে।
গোয়ানঘাট থানার ডিউটি অফিসার সালাউদ্দিন জানান, রোববার দুপুর ২টা পর্যন্ত থানায় ছিলেন সুদীপ বড়ুয়া। এরপর থানা এলাকায় নিজের বাসায় যান তিনি। এর কিছুক্ষণ পর তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
গোয়ানঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঝুলন্ত লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য তাঁর লাশ সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত করে বের করা হবে বলে জানান তিনি।
