গ্রেটার ম্যানচেস্টার আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৭:২৬:৪১,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৯৮৫ বার পঠিত
খায়রুল হুদা খান, ইউকে থেকেঃ বিশ্বমানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমন বার্ষিকী পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ইংল্যান্ডের নর্থওয়েস্টের বাংলাদেশী কমিউনিটির আয়োজনে ওল্ডহ্যামে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল বর্ণাঢ্য র্যালী।আহলে সুন্নাত ওয়াল জামাআতের পতাকাবাহী সংগঠন আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশন ও দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের ব্যবস্থাপনায় গত ২০ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত এ র্যালীতে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে বাংলাদেশী কমিউনিটির বিপুল সংখ্যক নবী প্রেমিকের সমাগম ঘটে। সাদা ও সবুজ রঙের পতাকা এবং বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড বহন করে বিভিন্ন বয়েসী মানুষেরা যেন মেতে ওঠে এক অনাবিল আনন্দের উৎসবে। ‘তালা’আল বাদরু আলাইনা’, ‘ইয়া নাবী সালাম আলাইকা’, ‘শামসুদ্দোহা আস্সালাম’ ইত্যাদি নাশীদের সুর আশিকে রাসূলদের কন্ঠে কন্ঠ মিলিয়ে আকাশ-বাতাসে ফুটিয়ে তোলে অপরূপ সুরের ব্যাঞ্জণা। হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর দু’আর ফসল ইশকে রাসূলে সিক্ত এ মুবারক কাফেলা ওল্ডহ্যামের রাস্তায় রাস্তায় প্রদক্ষিণ করে মুসলিম-অমুসলিম সকলের সামনে তুলে ধরে আল্লাহর রাসূলের আদর্শে উজ্জীবিত শান্তির এক মহান বাণী।
র্যালীর পূর্বে ও পরে অনুষ্ঠিত হয় পৃথক দুটি আলোচনা সভা। ওবিএ মিলেনিয়াম সেন্টারে র্যালী পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন দারুল হাদীস লাতিফিয়া নর্থওস্টের প্রিন্সিপাল হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী। আনজুমানে আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের জেনারেল সেক্রেটারী মাওলানা খায়রুল হুদা খানের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট ও দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের মুহাদ্দিস হযরত মাওলানা নজরুল ইসলাম। সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম কাউন্সিলের সম্মানিত ডেপুটি মেয়র কাউন্সিলর শাহদাব কামার।আনজুমানে আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা আবদুল মতিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত সভায় বক্তব্য রাখেন আনজুমানের আল ইসলাহ ইউকের প্রেস সেক্রেটারী মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, দারুল হাদীস লাতিফিয়ার শিক্ষক হাফিজ আনহার আহমদ, মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মোহাম্মদ তারেক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হযরত মাওলানা নজরুল ইসলাম বলেন, রাসূলে পাক (সা.) কে আল্লাহ পাক সম্পূর্ণ বিশেষ বৈশিষ্ট দিয়ে সৃষ্টি করেছেন। তিনি যদিও মানুষের মাঝে প্রেরিত হয়েছেন, কিন্তু তাঁর শারীরিক, দৈহিক বৈশিষ্ট সাধারণ মানুষের চেয়ে আলাদা। তিনি বলেন, আল্লাহর রাসূল (সা.) যখন মদীনা শরীফে তাশরীফ নিয়েছিলেন তখন মদীনা শরীফের শিশু-কিশোরেরা আল্লাহর রাসূলের আগমনী খুশিতে রাস্তায় বের হয়ে ‘তালাআল বাদরু আলাইনা’ নাশীদ গেয়ে গেয়ে আল্লাহর রাসূলকে স্বাগত জানিয়েছিলেন। বিশ^নবী (সা.) অত্যন্ত খুশি হয়ে তাদেরকে কোলে তুলে নিয়েছিলেন। আল্লাহর রাসূলের আগমনী দিবসকে উপলক্ষ করে আমরা আজ রাস্তায় বের হয়ে নাশিদ গেয়ে গেয়ে র্যালী করছি, কাল কিয়ামতের আল্লাহর রাসূল (সা.) আমাদেরকে তাঁর রহমতের কোলে জায়গা দেবেন বলে আমরা আশাবাদী।
হাফিজ মাওলানা আশিকুর রহমান ও ক্বারী আবদুল আহাদের কুরআন তিলাওত ও মাওলানা ফখরুল ইসলামের নাতে রাসূল পরিবেশনের মাধ্যমে সূচিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবদুল হক, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের সহসভাপতি মাওলানা মুফতী আবদুর রহমান, জেনারেল সেক্রেটারী আলহাজ¦ আবদুল মুছাব্বির, আনজুমানে আল ইসলাহর উপদেষ্টা হাজী আরজু মিয়া, গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা আবদুল হামিদ, মাওলানা কুতুবুদ্দীন, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আবদুল বাছিত আশরাফ, ট্রেজারার আলহাজ্ব আবুল কালাম, অর্গেনাইজিং সেক্রেটারী মাওলানা মাহবুবুল ইসলাম লিয়াকত, ওয়েলফেয়ার সেক্রেটারী হাফিজ হেলাল খান, ওল্ডহ্যাম শাখার সভাপতি হাফিজ আসকির মিয়া, সহ সভাপতি হাবিবুর রহমান কাইয়ূম, সেক্রেটারী হাফিজ সুহেল আহমদ, ম্যানচেস্টার শাখার সেক্রেটারী মাওলানা আবদুল কুদ্দুছ, ব্রাডফোর্ড শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারী আবদুর রব, হাইড শাখার সভাপতি আলহাজ্ব সানা মিয়া, শেফিল্ড শাখার সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম (চমক আলী), রচডেল শাখার সভাপতি আবদুল বাছিত, মাওলানা শাহজাহান মাহমুদ, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা আবু ছালেহ মামুন, সাপ্তাহিক জনসেবার সম্পাদক শাহিদ মিয়া, ডাইভার্সিটি সম্পাদক মুজাহিদ খান, প্রবাস বাংলার বিজনেস এডিটর আমিন বাবর চৌধুরী, চ্যানেল এস প্রতিনিধি সৈয়দ সাদেক মিয়া, এনটিভি প্রতিনিধি দিলওয়ার হোসাইন শিবলী, চ্যানেল আই প্রতিনিধি মওদুদ আহমদ প্রমুখ।
এদিকে দ্বিতীয়বারের মত ওল্ডহ্যামে অনুষ্ঠিত ঈদে মীলাদুন্নবীর এ মুবারক র্যালীকে সফল ও স্বার্থক করে তোলায় ওল্ডহ্যামের স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বেচ্চাসেবী, মসজিদ কমিটি সমূহের নেতৃবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ, আলেম-উলামাসহ সর্বস্তরের মুসলিম জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দারুল হাদীস লাতিফিয়ার প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী, আনজুমানে আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা আবদুল মতিন ও সেক্রেটারী জেনারেল মাওলানা খায়রুল হুদা খান।
