জকিগঞ্জে ইউপি সদস্যের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের মরিচা গ্রামের সংখ্যালঘুনেতা, কাজলসার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য অজয় কুমার লস্করের বাড়ীতে মঙ্গলবার রাতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রাত ২টায় ১২-১৪ জনের মুখোশ পরিহিত ডাকাতদল বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৩ হাজার টাকা ও ২টি মোবাইল সেট নিয়ে যায়। ডাকাতদের মারধরে ৯জন আহত হন, তারা হলেন অজয় লস্করের ভাই অলক কুমার লস্কর (৩৬), বোন অর্পনা রানী লস্কর (৩৪), অঞ্জনা রানী লস্কর (৩২), স্ত্রী অমিত রানী দে (৩৬), জেঠা অক্ষয় কুমার লস্কর (৮৫), জেঠী নমিতা রানী লস্কর (৭০), কাকাতো ভাই অজিত কুমার লস্কর (৪৫)ও ছোট ভাইয়ের স্ত্রী দিপালী রানী সেন (৩৫)। আহতরা জকিগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে অজয় কুমার লস্কর বাদী হয়ে বুধবার রাতে জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনসহ পুলিশ সদস্যরা ঘটনার পরপরই সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ডাকাতদের ফেলে যাওয়া একটি মোবাইল সেট ও ম্যানিব্যাগ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে পুলিশের আইনী পদক্ষেপ অব্যাহত রয়েছে।