জৈন্তাপুরে বাস উল্টে প্রাণ গেল দুই বোনের
প্রকাশিত হয়েছে : ১২:৩২:৪৬,অপরাহ্ন ০২ মে ২০১৯ | সংবাদটি ২৮১ বার পঠিত
জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুই বোন নিহত হয়েছেন। বুধবার বেলা ১টার দিকে সিলেট-তামাবিল সড়কের বৈঠাখাল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১০জন যাত্রী আহত হয়েছেন।
নিহত লুবনা বেগম (১০) ও অহনা বেগম (৭) জৈন্তাপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের শওকত আলীর মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, সড়কের পাশে রাখা বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খেয়ে যাত্রীবাহি বাসটি (সিলেট-জ ০৪-০০৯৯) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
এলাকাবাসী সূত্রে জানা যায়- দুপুর ১২ টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী দুটি মাইক্রোবাস প্রতিযোগিতার মাধ্যমে একে অপরকে অতিক্রম করতে গিয়ে জৈন্তাপুর উপজেলার বৈঠাখাল নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে একটি মাইক্রোবাস (সিলেট-জ-০৪-০০৯৯) দূর্ঘটনায় কবলিত হয়। ঘটনায়স্থলে দুই শিশু নিহত হয় এবং ১০জন আহত হয়। স্থানীয় জনতা দ্রত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে।
দূর্ঘটনায় আহতরা হলো গোলাপগঞ্জ উপজেলার মোঃ জাহিদ (২৮) ও সেলিনা বেগম (২৫), সিলেট সদর উপজেলার নয়াগ্রামের শিফা বেগম (৩৫) ও তার ছেলে শরিফ আহমদ (১৩), নারায়নগঞ্জ জেলার সজিব আহমদ (২৫), নরসিংদী জেলার আলাল মিয়া (১৮), হবিগঞ্জ জেলার শিবলু মিয়া (৩০), জৈন্তাপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের সোহাগ আহমদ (৩), গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর গ্রামের নাঈম মিয়া (১০) ও সাইফুল ইসলাম (২৬)।
আহতদের মধ্যে আশংঙ্কাজনক অবস্থায় সেলিনা, জাহিদ ও সাইফুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এদিকে ঘটনার পর পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রাখে। সংবাদ পেয়ে দ্রত জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহায়তায় রাস্তার অবরোধ তুলে নেন এবং নিহতদের লাশ উদ্ধার করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসা হয়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত দুজনের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
