জকিগঞ্জে জামায়াত শিবির সন্দেহে ৭ জন আটক
প্রকাশিত হয়েছে : ১:২৬:৩৬,অপরাহ্ন ২৭ আগস্ট ২০১৬ | সংবাদটি ১৯০৮ বার পঠিত
জামায়াত ও ছাত্র শিবির সন্দেহে জকিগঞ্জ থানা পুলিশ বারঠাকুরী থেকে শুক্রবার রাত সাড়ে নয়টায় ৭ জনকে আটক করেছে। ওসি সফিকুর রহমান খান জানান, আটককৃতরা হলেন সিলেট জেলা ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক বারঠাকুরির আব্দুল লতিফের ছেলে সারওয়ার হোসেন, আমলশীদ গ্রামের আব্দুল মুমিতের ছেলে হাফিজ আবিদুর রহমান, আব্দুল জলিলের ছেলে সালাউদ্দিন, খুরশিদ আলমের ছেলে নজরুল ইসলাম, মজিবুর রহমানের ছেলে মাহমুদুল আম্বিয়া হোসেইন ও সোনাসার গ্রামের মৃত আতাব আহমদের ছেলে রেজাউল করিম সাজু। আমলশীদে একটি সভা করার সময় তাদেরকে আটক করা হয়েছে বলে জানা গেছে। ওসি বলেন, আটকদের ব্যাপারে যাছাই বাছাই করা হচ্ছে।
আটকের বিষয়টি জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকেও জানিয়েছেন সিনিয়র সহকারি পুলিশ সুপার জ্যোতির্ময় সরকার।
আটক হোসাইনের পরিবারের সদস্যরা জানান, জাপার অঙ্গ সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিলেটের আহবায়ক কমিটির সদস্য ও সিলেট নগরীর করিমউল্লাহ মার্কেটের ব্যবসায়ী এবং সালাহউদ্দিন এর পিতা আব্দুল জলিল সাবেক ইউপি সদস্য ও জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ।
