নির্বাচনী মাঠে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী লোকমান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১:১২:১১,অপরাহ্ন ০৩ ফেব্রুয়ারি ২০১৯ | সংবাদটি ১০৯৮ বার পঠিত
আল মামুন: আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরীকে একক প্রার্থী মনোনীত করেছেন নেতাকর্মীরা। ৩০ জানুয়ারি সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমানসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় এ মনোনয়ন দেয়া হয়েছে। নির্বাচনে বিজয় নিশ্চিত করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন লোকমান চৌধুরী। ২০১৫ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে দলকে সংগঠিত করার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন। তার নেতৃত্বে উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন পৌরসভার ওয়ার্ড ও পৌর কমিটি গঠিত হয়েছে। জকিগঞ্জ পৌরসভার একটি ওয়ার্ড ও জকিগঞ্জ উপজেলার ২টি ইউনিয়ন ছাড়া বাকী সব কয়টি ওয়ার্ড ও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিশেষ করে জকিগঞ্জ পৌরসভার মেয়র পদে সিলেট বিভাগে নৌকার একমাত্র প্রার্থী হিসেবে মো. খলিল উদ্দিনকে বিজয়ী করতে ভূমিকা রেখেছেন লোকমান চৌধুরী। এ সময়ে গঠিত হয়েছে ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও মহিলা লীগের নতুন কমিটি। দলীয় কর্মসূচি বাস্তবায়নে চষে বেড়িয়েছেন পুরা উপজেলায়। সময়, শ্রম ও অর্থ দিয়ে দলকে রেখেছেন চাঙ্গা। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সাংসদ হাফিজ মজুমদারকে নির্বাচনের মাঠে আনা এবং বিজয়ী করতে নেপথ্যে কাজ করেন লোকমান চৌধুরী। সিলেটের শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করছে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট। এই ট্রাস্টের সচিব হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন লোকমান চৌধুরী। বিগত উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থী ইকবাল আহমদ তাপাদারের নিকট ৩৮৩২ ভোটের ব্যবধদানে হেরে যান আওয়ামী লীগ প্রার্থী লোকমান উদ্দিন চৌধুরী। দলীয় কোন্দলের কারণেই সে নির্বাচনে লোকমান চৌধুরীর নিশ্চিত জয় তখন হাতছাড়া হয় বলে অনেকের ধারণা। কারণ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রয়াত, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী সে নির্বাচনে ভোট পেয়েছিলেন ৩৮৫৯টি। এবার পরিস্থিতি ভিন্ন। বিদ্রোহী বলয়ের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী এবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে লোকমান উদ্দিনের নাম ঘোষণা করেন। তা সমর্থণ করেন উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান। অভ্যন্তরীণ দ্বন্দ্ব না বাড়লে এবার নির্বাচনী বৈতরণী পার হওয়া লোকমান চৌধুরীর জন্য সহজ হবে বলে মনে করেন তাঁর সমর্থকরা। সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল বলেন, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা কমিটির আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, নির্বাচিত মেয়র, চেয়ারম্যানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্বতস্ফুর্তভাবে এবার লোকমান চৌধুরীকে প্রার্থী মনোনীত করেছে। এই ঐক্য ধরে রাখতে পরলে নির্বাচনে বিজয় সময়ের ব্যাপারমাত্র। জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ বলেন, জকিগঞ্জের শিক্ষা, যোগাযোগ, ক্রীড়াঙ্গণসহ অনেক ক্ষেত্রেই লোকমান উদ্দিন চৌধুরী উন্নয়নে সচেষ্ট রয়েছেন। নির্বাচনে হেরও বিগত পাঁচ বছর মাঠে ছিলেন। ছায়ার মতো সাথে রয়েছেন দলীয় নেতাকর্মীদের সাথে। উন্নয়নের স্বার্থেই এবার দলমত নির্বিশেষে মানুষ লোকমান চৌধুরীকে ভোট দিবে।

