পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ৯:৪০:৫১,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৮ | সংবাদটি ৪৭০ বার পঠিত
আন্তর্জাতিক ফুটবলে মামুনুল, জামাল, সুফিল, জাফরদের জাতীয় দল উল্লেখ করার মতো ফলাফল অর্জন করতে না পারলেও ঠিকই সফলতা বয়ে আনছে বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলো। মাস খানেক আগে সাফ অনুর্ধ্ব-১৮ নারী ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। এবার সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের কিশোর ফুটবলাররা।
শনিবার (৩ নভেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ। এদিন নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হওয়ায়, খেলা গড়ায় টাইব্রেকারে। সেমিফাইনালের মতো ফাইনালেও টাইব্রেকারে দারুণ দক্ষতা দেখান বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান। পাকিস্তানের তিনটি শটই ঠেকিয়ে দিয়েছে এই তরুণ তুর্কি। ফলে সাফে আরও একটি শিরোপা নিশ্চিত হয় পারভেজ বাবুর শিষ্যদের।
উল্লেখ্য, গ্রুপ পর্বে মালদ্বীপকে ৯-০ গোলে এবং স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের কিশোররা। সেমিফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছে পারভেজ বাবুর শিষ্যরা। টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে পরাজিত করে বাংলাদেশের যুবারা।
এর আগে ২০১৫ সালে ঘরের মাঠে ভারতকে হারিয়ে সাফের অনূর্ধ্ব-১৬ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

