বাবাকে ‘পুড়িয়ে হত্যা’, সেই কিশোরের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ৬:৫১:২৬,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ৭৬৩ বার পঠিত
নতুন মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবার গায়ে পেট্রল ঢেলে আগুন দেয়ার ঘটনায় ফরিদপুরের কিশোর দেওয়ান ফারদিন হুদা মুগ্ধর বিরুদ্ধে হত্যা মামলা করেছে তার পরিবার। ওই কিশোর গত ১৫ সেপ্টেম্বর ফরিদপুরে নিজ বাড়িতে এ টি এম রফিকুল হুদার গায়ে আগুন দেয় বলে অভিযোগ আছে। ঘটনার ছয় দিন পর বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি।
ওই ঘটনার পর থেকে মুগ্ধ ফরিদপুরে তাদের নিজের বাড়িতে মায়ের সঙ্গেই থাকছিল। সকালে বাবার মৃত্যুর খবর পাওয়ার পর মায়ের সঙ্গে সেও ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে।
রফিকুল হুদা সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার ভাই। রফিকুলের ভাই সিরাজুল হুদা ঢাকাটাইমসকে জানান, তার ভাতিজা মুগ্ধ বাবার কাছে মোটরসাইকেল কেনার আবদার করেছিল। বাবা মানা করে দেয়ার পর ফরিদপুর শহরে কমলাপুরে নিজের বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় মুগ্ধ। তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানোর পর রফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ভোরে রফিকুলের মৃত্যুর কয়েক ঘণ্টা পর বিকালে ফরিদপুর কোতোয়ালি থানায় তার ভগ্নিপতি আকরাম উদ্দিন মুগ্ধকে আসামি করে হত্যা মামলা করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, ‘এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে তাদের একজনকে আসামি করে একটি হত্যা মামলা করা করেছে। পুলিশ এজাহারভূক্ত আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে চেষ্টা করছে।’
রফিকুল হুদার মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তারা। তার বড় ভাই সাবেক নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার সিদ্ধান্ত অনুযায়ী তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তাদের আরেক ভাই সিরাজুল হুদা।

