ব্যাগে শিশুর মাথা, গণপিটুনিতে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০:২০:০২,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৯ | সংবাদটি ২৯৮ বার পঠিত
মো. কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় একটি শিশুর ‘মাথা কেটে’ ব্যাগে ভরে পালানোর সময় জনতার পিটুনিতে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১টার দিকে শহরের নিউটাউন এলাকার অনন্তপুকুর পাড়ে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়।
নিহত শিশুর নাম সজিব মিয়া (৮)। সে পৌর শহরের কাটলী এলাকার রিক্সা চালক রইছ
মিয়ার ছেলে। সে পরিবারের সাথে ওই এলাকায় হিরা মিয়ার ভাড়া বাসায় বসবাস করত।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌর শহরের নিউটাউন
এলাকায় ব্যাগে করে কাটা মাথা নিয়ে যাচ্ছিল এক যুবক। এসময় এলাকাবাসীর সন্দেহ
হয়। পরে ব্যাগ খুলে দেহ থেকে বিচ্ছিন্ন শিশুর মাথা দেখতে পায়। এসময় জনতার
গণপিটুনিতে ওই যুবক ঘটনাস্থলেই মারা যায়।
গনপিটুণিতে নিহত ২২ বছর বয়সী যুবক রবিন শহরের কাটলি এলাকার একলাস উদ্দিনের ছেলে। সে পেশায় একজন রিকশাচালক।
স্থানীয়রা বলছেন, শিশুটির মাথা কেটে ব্যাগে নিয়ে দৌড়ে পালাচ্ছিল রবিন। এলাকার লোকজন তখন তাকে ধাওয়া করে।
নেত্রকোনা মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, নিউটাউন এলাকায় জনতার পিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় ওই যুবক। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির মাথা ও যুবকের লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, পদ্মাসেতু তৈরিতে মাথা প্রয়োজন- এমন গুজবের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। ওই যুবক মাদকাসক্ত ছিল বলে আমরা জানতে পেরেছি। কেন সে এ ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম জানান, শিশুটির দেহ উদ্ধার করা যায়নি। ময়নাতদন্তের জন্য যুবকের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
