ভারতে ভোট গণনা আজ
প্রকাশিত হয়েছে : ৬:৪৪:০৬,অপরাহ্ন ২৩ মে ২০১৯ | সংবাদটি ৩৬৮ বার পঠিত

নয়াদিল্লি, ২৩ মে : ভারতে দু মাস ব্যাপী অনুষ্ঠিত সাধারণ নির্বাচন বা লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হচ্ছে বৃহস্পতিবার। সবকিছু ঠিকঠাক থাকলে বিকেলের মধ্যেই সব ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার কথা। কারণ, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ই ভি এম) এর মাধ্যমে সহজেই কম সময়ে গণনা শেষ হয়ে যাবে। তবে লটারির মাধ্যমে কিছু কেন্দ্রে ভিভিপ্যাট স্লিপও গুণে মিলিয়ে দেখা হবে। ভিভিপ্যাট হল এমন একটা বাক্স, যাতে ভোটদানের সময় ভোটাররা যাকে ভোট দিয়েছেন, সেই প্রার্থীর নামে একটি করে স্লিপ জমা পড়বে। এবার ই ভি এমে যতটা ভোটের হিসাব পাওয়া গেল, সেটার সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে একই ফলাফল হলে বোঝা যাবে ই ভি এম মেশিনে কোনও দু নম্বরি হয়নি।
নির্বাচনে বিদায়ী প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা অর্থাৎ এন ডি এ আবার ক্ষমতায় আসছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে মোদির দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারতীয় জাতীয় কংগ্রেস ক্ষমতায় না এলেও তাদের আসন সংখ্যা বাড়ার সম্ভাবনা প্রবল। তবে আর কয়েক ঘণ্টার মধ্যেই পুরো ছবি স্পষ্ট হয়ে উঠবে।
