ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন সেনা নিহত
প্রকাশিত হয়েছে : ৮:৫৫:৩১,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৬ | সংবাদটি ৫৮৬ বার পঠিত
ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি শহর থেকে ১০ কিলোমিটার দূরে সুকনায় সেনা সদর দপ্তরে বিধ্বস্ত হয় ভারতীয় সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার।
জানা গেছে, ওই সময় হেলিকপ্টারটি উড্ডয়নের রুটিন পরীক্ষা করা হচ্ছিল। আর তখনই ল্যান্ডিংয়ের সময় হেলিপ্যাডের কাছেই ভেঙে পড়ে হেলিকপ্টারটি। এই ঘটনায় এরই মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে সেনাবাহিনী।
মূলত পাঁচ আসনবিশিষ্ট চিতা হেলিকপ্টার ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। সৈন্য যাতায়াত ছাড়াও মালামাল পরিবহনেও সাহায্য করে চিতা। তবে এদিন হঠাৎ কী কারণে চিতা কপ্টার ভেঙে পড়ল, তার সঠিক কারণ এখনো জানা যায়নি।
তবে প্রাথমিকভাবে জানা গেছে, খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেনি। তবে এই দুর্ঘটনার পেছনে কপ্টারটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
