রড দিয়ে সিলেট কারাগারের জেলার মঈনের মাথা ফাটিয়ে দিলো কয়েদি
প্রকাশিত হয়েছে : ১১:৪৭:১০,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ১৯৩৭ বার পঠিত
সিলেট কেন্দ্রীয় কারাগারে লোহার রড দিয়ে আঘাত করে জেলার মাসুদ পারভেজ মঈনের মাথা ফাটিয়ে দিয়েছে এক কয়েদি। গুরুতর আহতাবস্থায় জেলারকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে কারাগারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর কারাগারে বন্দিদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। কারাগারের ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সিনিয়র জেল সুপার জানান, প্রতিদিনের মতো সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈন প্রধান ফটকের কাছে ডেক্সে বসে বন্দিদের হিসাব করছিলেন। এ সময় একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রমোদ চন্দ্র দাসও লাইনে বসা ছিলেন। হঠাৎ পেছন থেকে ওই কয়েদি প্রধান কারারক্ষী ও গোয়েন্দা প্রধান মাসুদ পারভেজ মঈনের মাথায় একটি লোহার রড দিয়ে আঘাত করেন।
সঙ্গে সঙ্গে অন্যান্য কারারক্ষীরা এগিয়ে এসে মাসুদ পারভেজ মঈনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান সিনিয়র জেল সুপার।
এদিকে বন্দি প্রমোদ চন্দ্র দাসকে কারাগারের সেলে রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার নুর মোহাম্মদ সুহেল হামলাকারী প্রমোদ চন্দ্র দাসকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেছেন। হামলাকারী বন্দির বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া বলেন, কয়েদির হামলায় আহত জেলার মাসুদ পারভেজ মঈনের মাথায় ৭টি সেলাই দেয়াা হয়েছে। সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি হত্যা মামলায় হামলাকারী কয়েদির যাবজ্জীবন কারাদণ্ড হয়। ২০০৪ সালের ১৯ মে থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন ওই কয়েদি।
সিলেট কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান, সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলারের উপর হামলার ঘটনায় ডেপুটি জেলার নুর মোহাম্মদ সুহেল বাদী হয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রমোদ চন্দ্রের বিরুদ্ধে মামলা করেছেন।

