রাত পোহালেই জেলা পরিষদ নির্বাচন; ইউএনও বললেন প্রস্তুতি সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১:১১:০৯,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৯৯৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই বুধবার সিলেট জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্র সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণের প্রয়োজনীয় উপকরণ থানা পুলিশ হেফাজতে রয়েছে। সব মিলিয়ে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বিষয়টি জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করে নির্বাচনী ম্যাজিস্ট্রেসির দায়িত্ব প্রাপ্ত ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাইবো, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিবেন। সব রকমের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত: জকিগঞ্জ উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলার কাজলসার, মানিকপুর, কসকনকপুর, বারঠাকুরী, সুলতানপুর ও জকিগঞ্জ সদর ইউনিয়ন নিয়ে গঠিত এই ওয়ার্ডেরা ভোটার সংখ্যা ৯৪ জন। যেখানে সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী।
তারা হলেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী (ঘুড়ি),জেলা যুবলীগ নেতা শামিম আহমদ (ফ্যান), সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আবু জাফর মো. রায়হান (টিউবওয়েল), জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম (ক্রিকেট ব্যাট), বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন (তালা), কৃষকলীগ নেতা আফজল আহমদ চৌধুরী (ফ্যান),আল ইসলাহ নেতা আব্দুস সবুর (টিফিন ক্যারিয়ার) ও তরুণ প্রার্থী তাজেল আহমদ (হাতি)।

