শাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৪২ জন
প্রকাশিত হয়েছে : ৬:২৭:৩৪,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩০৬ বার পঠিত

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ ভর্তিযুদ্ধ। পরে বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা।
পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকেে এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ১৭০৩টি (কোটাসহ) আসনের বিপরীতে আবেদন করেছে ৭১ হাজার ১৮ জন শিক্ষার্থী। প্রতি আসনে লড়াই করবে ৪২ জন শিক্ষার্থী।
এরমধ্যে, ‘এ’ ইউনিটে ৬১৩ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৭ হাজার ৩৯টি এবং ‘বি’ ইউনিটে ৯৯০টি আসনের বিপরীতে আবেদন করেছেন মোট ৪৩ হাজার ৫০৪ জন পরীক্ষার্থী। ‘বি’ ইউনিটের বি১ ইউনিটে আবেদন করেছেন ৪০ হাজার ৫৪১ জন ও বি২ ইউনিটে আবেদন করেছেন ২ হাজার ৯৬৩ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ৮টিসহ সিলেট নগরীর ৩২টি কেন্দ্রে ‘এ’ ইউনিট ও ৪৬টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা যাতে হয় সেজন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
ভর্তি পরীক্ষার শৃঙ্খলা উপ কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে শৃঙ্খলা কমিটির চারটি টিম আলাদা আলাদা ভাবে সবসময় কাজ করবে।
শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, প্রতিবছরের মতো এবারো বহু নির্বাচনী পদ্ধতিতে ৭০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও শিক্ষার্থীদের জিপিএ’র উপর থাকছে সর্বোচ্চ ৩০ নম্বর। এদিকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেয়ার জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট সময় পাবেন ভর্তিচ্ছুরা।
তিনি আরও জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে ও তা সম্পন্ন করা হয়েছে।
পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে ২০টি বাস প্রদান করা হয়েছে এবং ‘বুস্টার্স’ ও ‘সিলেট বাইকিং কমিউনিটি’ যৌথভাবে আগত পরীক্ষার্থীকে বিনামূল্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য মোটর সাইকেল সেবার উদ্যোগ গ্রহণ করেছে।
