শাবি ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস
প্রকাশিত হয়েছে : ১:১৪:৫১,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩০২ বার পঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এসময় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌছে দিতে ২০টি বাস নগরীর বিভিন্ন পয়েন্টে প্রস্তুত রাখা হবে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চেম্বার ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিয়ের সভাপতি আবু তাহের মো. শোয়েব এসব তথ্য জানান ।
তিনি বলেন, শনিবার (২৬ অক্টোবর) সকাল ৭ টায় ১০টি বাস কদমতলি বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে থাকবে। রিকাবীবাজার পয়েন্টে ৫টি, আম্বরখানা পয়েন্টে ১টি, জেলরোডে ১টি, সোবহানীঘাট পয়েন্টে ১টি, শহীদ মিনার পয়েন্টে ১টি, জিন্দাবাজার পানসী রেস্টুরেন্টের সামনে ১টি বাস বিভিন্ন রোড হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্য ছেড়ে যাবে। এছাড়া ১০০টি মোটরসাইলেও থাকবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, আমরা আরও বাস সার্ভিসের ব্যবস্থা করতে চেয়েছিলাম। কিন্তু ট্রাফিক জ্যাম সামলাতে পুলিশের অনুরোধে আমরা ২০ টি বাস দিয়েছি।
এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থান ও পয়েন্ট সমূহে পরীক্ষার্থীদের নির্দেশনা সম্বলিত ব্যানার ও সিলেট চেম্বারের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকের ব্যবস্থা থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত বছরের ভর্তি পরীক্ষার সময় সিএনজি চালিত অটোরিকশা চালকদের মাত্রাতিরিক্ত ভাড়া দাবি সিন্ডিকেটের কারণে ভোগান্তিতে পড়ে পরীক্ষার্থী ও অভিভাবকেরা।
