শুরুর মতো শেষটা রঙিন হলো না টাইগারদের
প্রকাশিত হয়েছে : ১২:২২:৪২,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৯ | সংবাদটি ২৪৬ বার পঠিত
জয় দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। কিন্তু শেষটা শুরুর মতো রঙিন হলো না। মাঝে তিনটিতে জয় আর তিনটিতে হার। একটি ম্যাচ বাতিল হয়েছে বৃষ্টিতে। সেমিফাইনাল থেকে আগেই ছিটকে যাওয়ায় আজ শুক্রবার লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি দাঁড়ায় নিয়ম রক্ষার ম্যাচে। এই ম্যাচে ৯৪ রানের বিশাল ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে সাকিবদের।
টাইগারদের আশা ছিল জয় দিয়েই শেষটা রাঙানো। কিন্ত ক্রিকেটের মক্কায় বিব্রতকর ব্যাটিংয়ে বাজেভাবে হারেই শেষ হয় ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের যাত্রা। আজ জিতলে অবশ্য পয়েন্ট টেবিলের পাঁচে থাকতো বাংলাদেশ। কিন্তু তা আর হলো কই। আক্ষেপ নিয়েই দেশের বিমান ধরবেন টাইগাররা।
বিশ্বকাপে নয় ম্যাচের মধ্যে আটটিতে খেলে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিতে ম্যাচটি বাতিল হওয়াতে ভীষণ ক্ষতি হয়। সেমিফাইনালের দৌঁড় থেকে অনেকটা পিছিয়ে যায় টাইগাররা। তবুও অনেক আশা ছিল, ছিল নানা সমীকরণ। মাঠে যদি সঠিক খেলাটা না হয় সমীকরণ কাজে আসে না। হলোও তাই।
টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান করে। ৩১৬ রানের টার্গেটে খেলতে নেমে ২২১ রানে থামে বাংলাদেশের ইনিংস। চলতি বিশ্বকাপে এটি টাইগারদের সর্বনিম্ন দলীয় স্কোর।
আসরের প্রতিটি ম্যাচ গুলোর মতো এই ম্যাচেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাকিব। সর্বোচ্চ ৬৪ রান আসে তার ব্যাট থেকেই। সাকিব এই ইনিংসে চলতি বিশ্বকাপের ৫ম ফিফটি তুলে নিলেন। এর আগের সাত ইনিংসে দুটিতে সেঞ্চুরি ও চারটিতে হাফসেঞ্চুরি করেছিলেন। একটিতে আউট হয়েছেন ৪১ রানে।একটি বাতিল হয়েছে বৃষ্টিতে।
বরাবরের মতো এই ম্যাচেও ব্যর্থ তামিম ইকবাল। ২১ বলে আট রান করেই ফেরেন সাজঘরে। সৌম্যও (২২) এগোতে পারলেন না বেশিদূর। মুশফিক ফেরেন ১৬ রান করে। তবে লিটন দাস (৩২) ক্রিজে থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি। আউট হয়েছেন ভুল শটে। এ ছাড়া মাহমুদউল্লাহ ২৯ ও মোসাদ্দেক খেলেন ১৬ রানের ইনিংস।
পাকিস্তানের হয়ে শাহেন শাহ আফ্রিদি একাই নিয়েছেন ছয় উইকেট। শাদাব খান দুটি ও একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির ও ওহাব রিয়াজ।
এক ক্যাচ মিস করে আগের ম্যাচে ভুগতে হয়েছিল টাইগারদের। ওই ম্যাচে হারের কারণে সেমিফাইনালের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আজ পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিং করতে নেমেও বারবার ক্যাচ মিস করেছেন টাইগার ফিল্ডাররা।
তবে শেষ পর্যন্ত মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে শেষদিকে ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে। বিশ্বকাপের মঞ্চে টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন দ্য ফিজ। ভারতের বিপক্ষে গত ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পর আজ আবার পাকিস্তানের বিপক্ষে নেন পাঁচ উইকেট। এ ছাড়া সাইফউদ্দিন নেন তিন উইকেট।
আজ পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেন ইমাম উল হক। এ ছাড়া মাত্র চার রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন বাবর আজম। ৯৬ রান করে সাইফউদ্দিনের লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। মোহাম্মদ হাফিজ ২৭ ও ইমাদ ওয়াসিম ৪৩ রান করেন।
একাদশে দুই পরিবর্তন নিয়ে আজ মাঠে নামে নামে টাইগাররা। সাব্বিরের পরিবর্তে মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজ এসেছেন রুবেল হোসেনের জায়গায়।
