সিলেটে বাংলাদেশ-ভারত বর্ডার কমিটির বৈঠক
প্রকাশিত হয়েছে : ১২:০৪:৪০,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৩৬৩ বার পঠিত

বাংলাদেশ-ভারত জয়েন্ট বর্ডার কমিটির বৈঠক বুধবার সিলেটে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ১৬ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম। অপরদিকে, ৯ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিএস বাল্লা।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: নাসির উল্যাহ খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এডিএম জানান, বৈঠক শেষে বিকাল সাড়ে ৫টায় বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং করা হয়। বৈঠকে বর্ডার হাটের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। তিনি জানান, গত বছর জয়েন্ট বর্ডার কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ভারতে। এ ধারাবাহিকতায় এবার বাংলাদেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে সোমবার সন্ধ্যায় ভারতীয় প্রতিনিধি দলের সদস্যবৃন্দকে তামাবিল স্থলবন্দরে বাংলাদেশে স্বাগত জানানো হয় । মঙ্গলবার তারা সরেজমিনে ভোলাগঞ্জ বর্ডার হাট পরিদর্শন করেন। সূত্র জানায়, আগামী ২৫ এপ্রিল ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা তাদের দেশে ফিরে যাবেন।
জানা গেছে, দুই দেশের এই বৈঠকে বর্ডার হাট সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বর্ডার হাট বাড়ানোর বিষয়েও আলোচনা করেছে দেশ দুটি।
এরই অংশ হিসেবে ২৩ এপ্রিল মঙ্গলবার সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সীমান্ত পরিদর্শন করে যৌথ প্রতিনিধি দল।
ভোলাগঞ্জ সীমান্তের ১২৪৮/১১এস ও ১২৪৮/১২এস পিলারের কাছে একটি বর্ডার হাট গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ-ভারত মতামত ঐক্যে পৌঁছেছে। আগামী ডিসেম্বর নাগাদ এ হাট চালু হতে পারে।
