সিলেট নগরীর তালতলায় সুপার শপে অগ্নিকান্ড, ব্যাপক ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১০:১৯:৫৯,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০১৯ | সংবাদটি ৪৩৯ বার পঠিত
সিলেট নগরীর তালতলায় চেইন সুপার শপ ‘বিগবাজারে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ করে সুপার শপটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের কুণ্ডুলি দেখে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেয়। এ সময় সুপার শপটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য উপরে থাকা হোটেল সুফিয়াতে আগুন ছড়ায়নি।
সিলেট ফায়ার স্টেশনের অফিসার শিমুল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুন ছড়িয়ে পড়তে পারতো আবাসিক হোটেলে। এতে ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটতে পারতো। তবে এর আগেই আগুন নিয়ন্তনে আনায় রক্ষায় পায় হোটেলসহ আশপাশের দোকানপাট।

