সুরমা-কুশিয়ারার পানি বেড়েই চলেছে, রাতেই ভয়াবহ বন্যার আশংকা
প্রকাশিত হয়েছে : ৯:৪৬:০৬,অপরাহ্ন ১৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৪১ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
কয়েকদিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার ১.৪৬ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে দু’টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। বিরশ্রী ইউপির পীরনগর ও বারহাল ইউপির নুরনগর এর ডাইক ভেঙে নদীর পানি প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করছে। এছাড়া মারাত্মক ঝু্ঁকিতে ছবড়িয়া, মানিকপুর, রারাই, লালোগ্রাম, পিয়াইপুর, বড়পাথর, রসুলপুর, আটগ্রাম, নিজগ্রাম সহ অন্তত ২০টি পয়েন্ট। শনিবার সকাল হতে রাত পর্যন্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ, ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা এম এ জি বাবর, মো. আব্দুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বিভিন্ন ঝুকিঁপূর্ণ ডাইক পরিদর্শন করেছেন। ২-৩টি ঝু্ঁকিপূর্ণ ডাইক প্রাথমিকভাবে মেরামত করেছেন বলে নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের এসডিই মো. মনির হোসেন।
তিনি আরও বলেছেন শনিবার সুরমা ও কুশিয়ারার দু’টি স্থানে ভাঙন দেখা দিয়েছে।যেভাবে নদীতে পানি বাড়ছে, তাতে অনেক স্থানে মারাত্মক ভাঙন দেখা দিতে পারে বলে তার ধারণা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আতাউর রহমান বলেন সকাল হতে এখনও (রাত) পর্যন্ত ভাঙন পরিদর্শন করছি। প্রয়োজনীয় ত্রাণ বরাদ্ধের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে।
