সড়ক দুর্ঘটনায় শাবি শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৪:০৮:৪৩,অপরাহ্ন ০৬ জুন ২০১৯ | সংবাদটি ৩৯৬ বার পঠিত
শাবি প্রতিনিধি: ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি গিয়েছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পারভেজ রহমান রাকিব। কিন্তু পরিবারের সঙ্গে ঈদ করা হলো না তাঁর। ঈদের আগের দিন মঙ্গলবার (৪ জুন) বিকেলে কুমিল্লা শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবির এই শিক্ষার্থী। তাঁর মৃত্যুতে ঈদ আনন্দের পরিবর্তে বিষাদের ছায়া নেমে এসেছে রাকিবের পরিবারে।
রাকিব শাবিপ্রবির শিল্প উৎপাদন ও প্রকৌশল বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলায়।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন রাকিব। আহত অবস্থায় নিকটস্থ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাকিবকে নিয়ে যাওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারভেজ রহমান রাকিব বিশ্ববিদ্যালয়ের একাধিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ক্বিন এবং রিম মিউজিক্যাল ক্লাবের সাবেক সদস্য ছিলেন।
সূত্র জানায়, নিহত রাকিবের নামাজের জানাজা ৫ জুন (বুধবার) সকাল ১০টায় মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লার মিয়াবাজারের আতিয়াপুস্কুনীতে অনুষ্ঠিত হয়।
