সড়ক দূর্ঘটনায় জকিগঞ্জের একই পরিবারের মা-ছেলেসহ ৩ জন নিহত
প্রকাশিত হয়েছে : ১১:০৫:৩৩,অপরাহ্ন ২৭ মে ২০২৫ | সংবাদটি ৭৭৬০ বার পঠিত

সিলেট মহানগরীর শাহপরান সেতুর বাইপাস সড়কে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হচ্ছেন- জকিগঞ্জের বারহাল ইউনিয়নের নিজগ্রামের আজিজুর রহমানের স্ত্রী সালমা বেগম (৭০), তার ছেলে সৌদি প্রবাসী হারুনুর রশীদ (৪৫) এবং তাদের এক আত্মীয় সায়রা খাতুন (২৮)। সিলেট নগরীর মেজরটিলা সৈয়দপুরে বসবাস করতেন তারা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে শাহপরান বাইপাস সড়কের বিকেএসপির সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই সালমা বেগম ও হারুনুর রশীদ নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় সায়রা খাতুনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে আসার পর তিনি মারা যান।
শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
