হামলায় জড়িত সাবেক মেয়র পুত্র তোফায়েল ও সহযোগী সালমান
প্রকাশিত হয়েছে : ১:৩০:০৫,অপরাহ্ন ১৭ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ৩৫০৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ-কেরাইয়া-কালিগঞ্জ সড়কের (কেরাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে) ছদরখাল পুলে পিকআপ চালক আব্দুল হান্নান (৩০) এর উপর হামলাকারিরা হচ্ছে জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মৃত আনোয়ার হোসেন সুনাউল্লাহর পুত্র, পীরেরচক গ্রামের তোফায়েল আহমদ রুবেল (১৮) ও সদরপুর গ্রামের সালমান আহমদ (২০)। বিষয়টি জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন থানার ওসি মো: সফিকুর রহমান খান। তিনি বলেন তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে। হামলাকারিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে ৫-৬শ টাকা জব্ধ করা হয়েছে। এর বেশি টাকা পাওয়া যায়নি। হামলায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। তবে তারা যে হামলা করেছে, সেটা নিশ্চিত বলে জানান ও্সি। এক প্রশ্নের জবাবে বলেন টাকা নেয়ার কথা স্বীকার করেনি। নেশাখোরেরা টাকা যোগার করতে ছিনতাই করতে পারে বলে তিনি মনে করেন। বলেন ঘটনাস্থলে দ্রুত না পৌছালে তাদেরকে ক্ষুব্ধ জনতা মেরে ফেলতো।
গুরুতর আহত আব্দুল হান্নানের ছোট ভাই নাজির আহমদ জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দিবারাত অনুমান ১২টার দিকে হামলাকারিরা পিকআপকে সিগনাল দেয়। আটকানো মাত্রই চালকের আসন থেকে নামিয়ে সড়কের পাশে শুয়ে নেয় তাকে। চাকু দিয়ে পেটে ১টি ও পেটের দু’পাশে আরো দু’টি কুপ দেয়। পরে অজ্ঞান রেখে ৮৬হাজার টাকা লুট করে হামলাকারিরা। খবর পেয়ে ক্ষুব্ধ জনতা সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলসহ দু’হামলাকারিকে আটকে রাখে। ক্ষুব্ধ জনতা ঐ মোটরসাইলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ এসে হামলাকারি দু’জনকে ধরে নিয়ে যায়।
লুট হওয়া টাকা অন্য আরেকজনের বলে জানান নাজির। আব্দুল হান্নান সিলেটের ওসমানী হাসপাতালের ৪র্থ তলার সার্জারি বিভাগের ৪র্থ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
এদিকে পিকআপ-লেগুনা মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

