১৯ বিজিবির অভিযানে কানাইঘাট সীমান্তে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
প্রকাশিত হয়েছে : ১০:৩৪:০২,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০২৬ | সংবাদটি ৬ বার পঠিত

৩১ অক্টোবর ২০২৬:
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে ভারতীয় শাড়ি, পাতার বিড়ি, জিরা, চা-পাতাসহ প্রায় ১৫ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা সিজারমূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজিবি জানায়, ৩১ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন ১৯ বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে সিংগারখাল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৫ পিস ভারতীয় শাড়ি, ৩ হাজার ৩৬০ প্যাকেট পাতার বিড়ি ও ৬৪ পিস নিভিয়া লোশন জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ১১ লাখ ৩ হাজার ৮০০ টাকা।
একই দিন গোপন সংবাদের ভিত্তিতে ডোনা বিওপির একটি আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে ৬০০ গজ ভেতরে মিকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার পিস ভারতীয় সুপারি জব্দ করে। এর সিজারমূল্য ২৪ হাজার টাকা।
এ ছাড়া গত ৩০ অক্টোবর রাত ৮টার দিকে সুরাইঘাট বিওপির একটি আভিযানিক টহলদল কানাইঘাট সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ ভেতরে সোনাতনপুঞ্জি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৬০ কেজি ভারতীয় জিরা ও ৭০ কেজি চা-পাতা জব্দ করা হয়, যার সিজারমূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা।
তিনটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ১৫ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
