৩১ আগস্টের মধ্যে রাগীব-রাবেয়া মেডিকেলের ব্যাংক হিসাব দাখিলের নির্দেশ
প্রকাশিত হয়েছে : ৩:৪২:৫৪,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৬ | সংবাদটি ১০১২ বার পঠিত
আজ বুধবার (২৪ আগস্ট) রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তরের আবেদন শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন।।
চলতি বছরের ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তারাপুর চা বাগানের দখল বৈধ সেবায়েত বরাবর হস্তান্তর করার জন্য সিলেটের জেলা প্রশাসককে নির্দেশ দেন। একই সঙ্গে এই চা বাগানের মধ্যে যেসব স্থাপনা রয়েছে তাও ভেঙে ফেলতে বলেন আদালত।
আপিল বিভাগের এই রায়ের পর গত জুন মাসে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল কলেজ সরিয়ে নেয়ার জন্য এক বছরের সময় চেয়ে আপিল বিভাগে আবেদন করেন।
আজ বুধবার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির এক পর্যায়ের প্রধান বিচারপতি বলেন, এই আদেশে অনেক অনিয়ম হচ্ছে। আমরা চাচ্ছি এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এ ধরনের একটি প্রতিষ্ঠানের (রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ) বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়া যায় তবে এটি অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে। পরে আপিল বিভাগ উপরিউক্ত আদেশ দেয়।

