মেয়েকে ধর্ষণ: বাবার দেড় হাজার বছরের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ৭:৫৭:২৩,অপরাহ্ন ২৩ অক্টোবর ২০১৬ | সংবাদটি ৯৩২ বার পঠিত
নিজের তরুণী মেয়েকে চার বছর ধরে ধর্ষণের দায়ে বাবাকে দেড় হাজার বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
দণ্ডপ্রাপ্ত ৪১ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি ক্যালিফোর্নিয়ার ফ্রেশনোতে। গত শুক্রবার ফ্রেশনোর সর্বোচ্চ আদালত এই রায় দেয়। ফ্রেশনো আদালতের ইতিহাসে এটিই প্রথম দীর্ঘ মেয়াদী সাজা।
দেশটির সংবাদ সংস্থা ‘ফ্রেশনো বি’ এর বরাত দিয়ে রবিবার এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।
তবে সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।
সাজা ঘোষণার সময় বিচারক এডওয়ার্ড সারকিসিয়ান বলেন, ‘সাজাপ্রাপ্ত এই ব্যক্তি সমাজের জন্য বিপদজনক।’
‘নিজের মেয়েকে ধর্ষণের জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তির মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি বরং এজন্য তিনি তার মেয়েকেই দায়ী করেছেন’- রায়ে উল্লেখ করেন বিচারক।
প্রসিকিউটর নিকোল গালসট্যান বলেন, দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির মেয়ে প্রথম পারিবারিক বন্ধুর দ্বারা যৌন নির্যাতনের শিকার হন। ওই সময় মেয়েকে রক্ষা না করে যৌন নির্যাতনকে তিনি সায় দিয়েছেন।
‘২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার মেয়েটিকে ধর্ষণ করা হতো, যখন মেয়েটি তার বাবাকে ছেড়ে চলে আসার সাহস দেখায়।
মেয়েটির ভাষ্য, যখন আমার বাবা আমাকে ধর্ষণ করতো, তখন আমি তরুণী ছিলাম। তখন আমার কোনো ক্ষমতা ছিল না কিংবা সাহস করে কিছু বলতে পারতাম না।আমি তখন অসহায় ছিলাম।
বর্তমানে মেয়েটির বয়স ২৩। আদালতে বিচারককে মেয়েটি জানায়, ‘আমার কষ্ট ও যন্ত্রণায় বাবার মধ্যে কোনো অনুশোচনা দেখতাম না।’
