তুরাগ তীরে পাঁচদিনের জোড় ইজতেমা শুরু শুক্রবার
প্রকাশিত হয়েছে : ৯:২৭:০১,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৯৫৬ বার পঠিত
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরুর ৪০ দিন আগে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে পাঁচদিনের জোড় ইজতেমা। বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার বাদ ফজর দেশের শীর্ষ মুরুব্বীদের আম বয়ানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হবে। ইতোমধ্যে ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইজতেমা কর্তৃপক্ষ।
এ ছাড়া মূল ইজতেমার প্রথম পর্ব ১৩ জানুয়ারি শুরু হওয়ার পর মাঝে কয়েকদিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
প্রতিবছর বিশ্ব ইজতেমা শুরুর ৪০ দিন আগে অনুষ্ঠিত হয় এই জোড় ইজতেমা। টানা পাঁচদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর চলবে ইসলামের দাওয়াতি কাজের বয়ান।
বলা হয়ে থাকে, জোড় ইজতেমা থেকে শুরু হয় মূল ইজতেমার সকল কর্মকাণ্ড। দেশের বিভিন্ন জেলা থেকে একটি করে জামাত এসে ইজতেমা ময়দানে জমায়েত হয়। মূল ইজতেমায় আসা দেশ বিদেশের সাথী-ভাইদের সাহায্য করার জন্য সেচ্ছাসেবক নিয়োগ করে মাঠের বিভিন্ন পয়েন্টে পাঠানো হয়। তারা আইনশৃঙ্খলা বাহিনীকেও সাহায্য করে থাকে। তাই শীর্ষ মুরুব্বীরা তাদের ‘ইজতেমায়ী সৈনিক’ বলে।
আগামী ৬ ডিসেম্বর বাদ জোহর মোনাজাতের মধ্য দিয়ে এবারের জোড় ইজতেমার সমাপ্তি হবে।
