নগরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব, সাথে স্কুল ব্যাগ, বৃত্তি ও মিষ্টি বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০:৩৪:৫৫,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৩৭ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের নগরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই প্রদান করা হয়েছে। একই সাথে সকল শিক্ষার্থীকে একটি করে স্কুল ব্যাগ, বৃত্তি হিসেবে শিক্ষা উপকরণ ও মিষ্টি বিতরণ করা হয়। এসব পেয়ে ব্যাপক উচ্ছ্বসিত হয় শিক্ষার্থীরা। এ উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কবির আহমদ চৌধুরী। ছাত্রলীগ নেতা এখতিয়ার হোসেন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ দত্ত পুরকায়স্থ। বক্তব্য দেন জকিগঞ্জ ডক্টরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. মোয়াজ্জেম ইসলাম, সাংবাদিক এনামুল হক মুন্না, ঠিকাদার আয়নুল হোসেন, ময়নুল হক, ব্যবসায়ী ফরিদ উদ্দিন, দেলওয়ার, আজমল, শিক্ষক তাহমিনা আক্তার, রুনা বেগম, সৈয়দা বেগম, শাহানারা আক্তার ও রেহানা জাহান প্রমূখ।
বক্তারা বলেন বিগত বেশ কয়েক বছর থেকে বছরের প্রথম দিন বর্তমান সরকার নতুন বই শিক্ষার্থীদের উপহার দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
বক্তারা আরও বলেন নগরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষকের সার্বিক চেষ্টায় স্কুলের কার্যক্রম ব্যাপক এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে তিনি পরিচালনা কমিটি সহ এলাকার সকলকে নিয়ে স্কুলের উন্নয়নে আরও কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন এই বিদ্যালয় হচ্ছে নিজের গৃহের মতো। প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার্থীদের লেখাপড়া সহ সার্বিক কল্যাণে আমাদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা বিনামূল্যে বই উপহার পাচ্ছে, পাশাপাশি খাতা-কলম, স্কুল ব্যাগ উপহার দেওয়া হচ্ছে। সেহেতু আপনার ছেলে-মেয়ের সার্বক্ষণিক খোজখবর নেবেন। অভিভাবকরা যত বেশি এই প্রতিষ্ঠানে আসবেন, সন্তানের খোজ নেবেন, ততই তিনি খুশি হবেন। সুশিক্ষিত হলে এই সন্তান একদিন বাবা-মায়ের সুনাম, আর্থিক সহায়তা যোগান দেবে। তাই বেশি করে সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে যত্নবান হওয়ার আহ্বান জানান অভিভাবকদের।
প্রসঙ্গত, স্কুলের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি দেন এমসি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক বেলাল আহমদ, মিষ্টি মুখ করান ডা. মোয়াজ্জেম ইসলাম এবং সকল শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দেন আয়নুল হক ও দেলওয়ার হোসেন।
