সীমান্ত অপরাধে না জড়াতে জকিগঞ্জে বিজিবির আহ্বান
প্রকাশিত হয়েছে : ১১:৫৯:৫৯,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত

০৩ নভেম্বর ২০২৬: সীমান্তবর্তী মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে জকিগঞ্জ উপজেলার আমলশীদ বাজারে জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজিবি জানায়, ৩ নভেম্বর রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় ১৯ বিজিবির ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক এ কে এম নুরুজ্জামান তরফদার উপস্থিত ছিলেন। স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিসহ আনুমানিক ৭০ থেকে ৮০ জন সাধারণ মানুষ সভায় অংশ নেন।
সভায় সীমান্ত অতিক্রম করে অবৈধ যাতায়াত, বিএসএফ কর্তৃক পুশ-ইন প্রতিরোধ, বাংলাদেশ-ভারত সীমান্তের অপদখলীয় ভূমি সংক্রান্ত পরিস্থিতি, শূন্যরেখায় মাছ ধরাসহ অন্যান্য কর্মকাণ্ড থেকে বিরত থাকা, নারী ও শিশু পাচার প্রতিরোধ, চোরাচালান ও মাদক পাচার রোধ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তব্যে নুরুজ্জামান তরফদার সীমান্তবর্তী মানুষকে আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধে না জড়ানোর আহ্বান জানান। সীমান্ত এলাকায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড, নারী ও শিশু পাচার, মাদক ও অন্যান্য পণ্য চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশের তথ্য পেলে দ্রুত বিজিবিসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করেন তিনি। এ ছাড়া স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবিকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও চলবে। সভার শেষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি ও দেশপ্রেমিক জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়। সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
