আগামী বছর ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশনে অংশ নেবে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১:৪৬:৫৪,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৪৬৩ বার পঠিত
আগামী বছর রাশিয়ার কাজানে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশন-২০১৯ এ অংশ নেবে বাংলাদেশ। এটাই প্রথম এ প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ। এজন্য দক্ষ প্রতিযোগী তৈরি করতে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল (এনএসডিসি) রাইজিং স্টার স্কিল কম্পিটিশন ২০১৮ আয়োজন করেছে।
এর অংশ হিসেবে শনিবার রাজধানীর মিরপুরে ইউসেপে রন্ধন ও রেস্টুরেন্ট সার্ভিসের ওপর দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এনএসডিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খোরশেদ আলম বলেন, ‘রাইজিং স্টার স্কিল কম্পিটিশন ২০১৮তে নির্বাচিতদের কাজানে ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশন ২০১৯ এ অংশ নিতে তৈরি করা হবে। বাংলাদেশ মোট ৮টি ট্রেডে ওয়ার্ল্ড স্কিল কম্পিটশনে অংশ নেবে। রাইজিং স্টার স্কিল কম্পিটিশন-২০১৮ এর মাধ্যমে প্রাথমিকভাবে আমরা প্রতি ট্রেডে ১০ জন করে নির্বাচিত করে তাদেরকে ১১ মাস ধরে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ দেওয়া হবে।’
তিনি জানান, রাইজিং স্টার স্কিল কম্পিটিশনে অংশগ্রহণকারী সব প্রতিযোগীদের দেশের ৬৪ জেলায় দক্ষ জনবল তৈরিতে এনএসডিসির পক্ষে কাজে লাগানো হবে।
দেশে প্রতিবছর ১৫ লাখ দক্ষ মানবসম্পদ প্রয়োজন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশনে অংশ নেওয়ার মাধ্যমে বাংলাদেশ আর্ন্তজাতিক মানের দক্ষ জনগোষ্ঠী তৈরিতে সক্ষমতা অর্জন করবে। খবর বাসস।

