আরও জনশক্তি নিতে সৌদি মন্ত্রীকে অনুরোধ
প্রকাশিত হয়েছে : ১২:২২:৫৭,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০১৬ | সংবাদটি ৬৮৩ বার পঠিত
ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন বাংলাদেশ থেকে অধিকসংখ্যক কর্মী নিয়োগে সহযোগিতা করতে সৌদি শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রীকে অনুরোধ করেছেন।
তার নেতৃত্বে ছয় সদস্যের বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের একটি প্রতিনিধি দল রবিবার শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রী মকরেজ আল হুকবানির সঙ্গে মতবিনিময়কালে এ অনুরোধ জানান।
বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুনসহ প্রতিনিধি দল বর্তমানে সৌদি আরব সফর করছেন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্য হলেন, তালুকদার মোহা. ইউনুস এমপি, এ কে এম আওয়াল সাইদুর রহমান এমপি, মো. নুরুল ইসলাম সুজন এমপি, নজরুল ইসলাম (বাবু) এমপি এবং বায়রা এর সভাপতি সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ।
গতকাল সংসদীয় প্রতিনিধি দল সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৫ বিমান যোগে রিয়াদ বিমান বন্দরে পৌঁছালে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা প্রতিনিধি দলকে স্বাগত জানান।
সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল গত ৬ নভেম্বর ২০১৬ সকালে সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রীর সাক্ষাৎ করেন। এসময় দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক শ্রম উপ মন্ত্রী যায়েদ আল সায়েগ, শ্রম মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ সালেহ বিন আল সারেখ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বজলুল হক হারুন সৌদি শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রীকে প্রধানন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশি প্রায় ১৫ লাখ কর্মীর কর্মসংস্থানের জন্য ধন্যবাদ করেন। এসময় তিনি জুনে প্রধানমন্ত্রী কর্তৃক সৌদি আরব সফরের উল্লেখ করে বাংলাদেশ হতে অধিক সংখ্যক পুরুষ ও মহিলা গৃহকর্মী নিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত আন্তরিক ও খোলামেলা আলোচনা করেন।
বৈঠকে মহিলা গৃহকর্মীদের নিরাপত্তা বিধানে গৃহকর্মী ও গৃহকর্তা উভয়ের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সবধরনে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং গৃহীত ব্যবস্থার আরও উন্নয়নে ও সহোযগিতার ক্ষেত্রে আরও প্রসারিত করতে দু’দেশ এক সাথে কাজ করবে মর্মে সৌদি শ্রম ও সমাজ বিষয়ক মন্ত্রী সংসদীয় প্রতিনিধি দলকে জানান। পুরুষ কর্মী নিয়োগের ক্ষেত্রে অভিবাসন ব্যয় হ্রাস এর বিষয়ে সৌদি সরকারের কঠোর অবস্থানের বিষয়টি মন্ত্রী পুনর্ব্যক্ত করে উভয় দেশের একসাথে কাজ করার জন্য আহ্বান জানান।তিনি এ ক্ষেত্রে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
