কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১২:২১:২৫,অপরাহ্ন ০১ জুন ২০১৯ | সংবাদটি ৩১৩ বার পঠিত
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের (বেফাক) ৪২তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গড় পাসের হার ৭৭ দশমিক ৯৬ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৮৩ দশমিক ২৭ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬৯ দশমিক ৯৯ শতাংশ।
বৃহস্পতিবার (৩০ মে) মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ পরীক্ষার ফলের ফাইল বেফাকের সিনিয়র সহসভাপতি শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলীর কাছে হস্তান্তর করেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
পরীক্ষায় তাকমীল (এমএ) ব্যতীত ৬টি স্তরে মোট ১ লাখ ৫২ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ২১ হাজার ১৭৫ জন স্টার মার্ক পেয়েছেন এবং প্রথম বিভাগে ২৬ হাজার ১৭৫ জন পরীক্ষার্থী পাস করেছেন। সব মিলিয়ে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৫২ জন।
ফল প্রকাশের সময় আল্লামা আশরাফ আলী বলেন, ‘সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়ে কওমি মাদ্রাসার পরীক্ষার্থীরা ফল অর্জনে সফলতার নজির স্থাপন করেছে। ভবিষ্যত্যে এরাই যোগ্য আলেম হয়ে জাতির সামনে ইসলামের বাণী তুলে ধরবেন।’
বেফাকের ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বেফাকের সহসভাপতি মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক ও মুফতি নুরুল আমীন, মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী, অর্থ সচিব মনিরুজ্জামান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক, মাওলানা আব্দুর রশিদ ও মুহা. রফিকুল হকসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা, স্টাফ ও বিভিন্ন মাদরাসা থেকে আগত মুহতামিম, আসাদিযা ও দালেকুল আলমরা। পরীক্ষার ফলাফলের সব তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
