কনস্টেবল নিয়োগে প্রতারণা; সিলেটের এসপির নির্দেশে গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ৭:৫২:৪৯,অপরাহ্ন ০৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৫১১ বার পঠিত

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণার শিকার হয়েছেন নবনিযুক্ত কনস্টেবল পুলিশ ইমরান আহমদ। সে উপজেলার জমির উদ্দিনের ছেলে। তাকে পুলিশে নিয়োগ দিতে ৪ লক্ষ টাকা দাবি করে কানাইঘাটের সাতবাঁক ইউপির আলী।
তার সহযোগী ছিল জকিগঞ্জের আরেক প্রতারক ছাত্তার। জানা যায়- প্রতারক আলী ইমরান আহমদকে পুলিশে নিয়োগ দেওয়ার জন্য তার মার কাছে ৪ লক্ষ টাকা চাঁদা দাবি করে। না হয় মেডিকেল টেস্টে তাকে আটকে দিবে বলেও হুমকি প্রদর্শন করে।
শনিবার চাকরি পাওয়া পুলিশ কনস্টেবলের অভিভাবকদের ডাকেন সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন। পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে অনূভূতির প্রকাশ করতে গিয়ে চাকরি পাওয়া ইমরান আহমদের মা বললেন ৪ লক্ষ টাকা ঘুষের কথা।
অনুষ্ঠানে এসপি ফরিদ উদ্দিন এ কথা শুনে কানাইঘাটের ওসিকে ফোন দিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। পরে কানাইঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে আলীকে গ্রেফতার করে।
এ ব্যাপারে কানাইঘাট থানার ওসির সেলফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও ফোন রিসিভ না করায় মন্তব্য আদায় করা সম্ভব হয়নি।
