কানাইঘাটে ইভটিজিংয়ের সালিশে দু’পক্ষের সংঘর্ষ, ইউপি সদস্য নিহত
প্রকাশিত হয়েছে : ১২:৩৬:৪৮,অপরাহ্ন ০৫ মার্চ ২০১৬ | সংবাদটি ৬১৭ বার পঠিত
নিহত দুদু মিয়া ওই ইউনিয়নের কুওরঘড়ি লামার গ্রামের মৃত তফজ্জুল আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কানাইঘাটের লক্ষ্মীপাশা ইউনিয়নের কুওরঘড়ি লামার গ্রামের সাবাব উদ্দিনকে ইভটিজিংয়ের অভিযোগে গতকাল বৃহস্পতিবার ৩ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। সাবাব উদ্দিন ওই গ্রামের রাকিব আলীর ভাতিজা। রাকিব আলীর অভিযোগ, দুদু মিয়ার প্ররোচনায় সাবাব উদ্দিনকে শাস্তি পেতে হয়েছে।
এর জেরে শুক্রবার জুম’আর নামাজের পর কুওরঘড়ি লামার গ্রামে সালিশ বসে। সালিশে দুদু মিয়া ও রাকিব আলীর মধ্যে বাগবিতন্ডা হয়। বাগবিতন্ডার একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুরুতর আহত হন দুদু মিয়া। তাকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সংঘর্ষের ঘটনায় আহত ২০ জনের মধ্যে তিনজনকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাকি ১৭ জনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, জুম’আর নামাজ শেষে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দুদু মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন।

