গোলাপগঞ্জে ৬ জনের মনোনয়নপত্র বাতিল
প্রকাশিত হয়েছে : ৩:৪৪:৩৭,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০১৯ | সংবাদটি ৩০৭ বার পঠিত
গোলাপগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৩ চেয়ারম্যান প্রার্থী, ২জন ভাইস চেয়ারম্যান, ১জন মহিলা ভাইস চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বুধবার মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে বিভিন্ন অভিযোগে এসব প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন- আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল ওয়াহাব জোয়ারদার মসুফ, ইসলামী ঐক্যজোটের প্রার্থী জহির আহমদ, স্বতন্ত্র প্রার্থী বাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির আহমদ।
ভাইস চেয়ারম্যান পদে গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপন, শরফ উদ্দিন শরফ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সিলেট মহানগর যুব মহিলা লীগের সভাপতি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা।
যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, এডভোকেট মাওলানা রশিদ আহমদ। ভাইস চেয়ারম্যান পদে গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মনসুর আহমদ, যুবলীগ নেতা শাহিন আহমদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাছুমা সিদ্দিকা ও নার্গিস পারভীন।
উল্লেখ্য, প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত প্রায় সাড়ে তিন লক্ষ জনসংখ্যার মধ্যে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২২ হাজার ৫শত জন। উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে গোলাপগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ হবে ১৮ মার্চ।
