জকিগঞ্জের কুশিয়ারা নদীতে ধরা পড়লো ২শ কেজির বাঘাইড়
প্রকাশিত হয়েছে : ৪:৪৫:০৬,অপরাহ্ন ০৮ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৮৮২ বার পঠিত

জকিগঞ্জে কুশিয়ারা নদীতে ২শ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। শনিবার (৭ এপ্রিল) রাতে সিলেটের জকিগঞ্জ উপজেলার ডুবাইচর এলাকার কুশিয়ারা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে।
রবিবার দুপুরে জেলেরা মাছটি সিলেট নগরের লালবাজারে বিক্রির জন্য নিয়ে যান। ২শ কেজি ওজনের বিশাল আকৃতির মাছটির খবর পেয়ে একনজর দেখতে ভিড় জমান উৎসুক জনতা। এ সময় অনেকেই নিজেদের মোবাইল ফোনে মাছের ছবি তোলেন ও ভিডিও ধারণ করে সমাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেন।
পরে মাছটি কিনে নেন লালবাজারের মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন, মখলিছ মিয়া ও শাহাব উদ্দিন। কিন্তু জেলেদের কাছ থেকে কত টাকা দামে কিনা হয়েছে তা প্রকাশ করা হয়নি। মাছ ব্যবসায়ী অানোয়ার হোসেন মাছটি কিনার পর দাম হাঁকেন ৪ লাখ টাকা। তবে রবিবার সন্ধ্যা রাত পর্যন্ত সর্বোচ্চ ১ লাখ ৯০ হাজার টাকা মাছটির দাম উঠেছে।
মাছ ব্যবসায়ী মখলিছ মিয়া বলেন, পর্যাপ্ত দাম পেতে সোমবার সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করব। চড়া দামে কিনা মাছটিতে উপযুক্ত দাম না ওঠায় মাছটি রবিবার বিক্রি করা হয়নি।
আনোয়ার হোসেন বলেন, ‘জেলেরা মাছটি নিয়ে বিক্রির জন্য আমার কাছে আসে। বিশাল মাছটি তখন ওজন করে দেখা যায়, এর ওজন ২০০ কেজি। মণের হিসেবে দাঁড়ায় পাঁচ মণ। আস্ত মাছটি কেনার ক্রেতা পাওয়া যায়নি। তাই কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছি।’
সরেজমিন সূত্রে জানা গেছে, মাছটি কেটে কেজি দরে বিক্রি করতে অানোয়ার হোসেন ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা শুরু করেন। তিনি ও তাঁর সহকারী ‘আউক্কা ভাই…ইয়া বড় বাঘাইড়…ইয়া বড় বাঘাইড়…’ হাঁক দিয়ে ক্রেতাদের দৃষ্টি কাড়ার চেষ্টা করছিলেন।
আনোয়ার হোসেন জানিয়েছেন, অাজ (সোমবার) মাছটি কেটে প্রতি কেজি অাড়াই হাজার টাকা দরে বিক্রি করবেন। মাছ নেয়ার জন্য আগ্রহী ক্রেতারা অগ্রীম নাম, মুঠোফোন নাম্বর তালিকায় তুলিয়ে রেখেছেন। মাছ কাটার পর চাহিদা মতো ক্রেতাদের কাছে সরবরাহ করা হবে।
বন্দরবাজার এলাকার এক ব্যবসায়ী বলেন, মাছ বিক্রেতার হাঁক শুনতে শুনতে গিয়ে বিশাল বড় মাছটি দেখে এসেছি। কুশিয়ারায় এত বড় মাছ থাকবে তা কল্পনাও করিনি।
অারেকজন জানান, এর আগে ১৪০ কেজি ওজনের বাঘাইড় উঠেছিল লালাবাজারে। এরপর অার এত বড় উঠেনি।
