ঘুর্ণিঝড় নাডা, বঙ্গোপসাগরে দু’দিনে ৯৮ জেলে ও ১০টি ট্রলার নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ২:২৭:১৭,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৬ | সংবাদটি ৭৫৪ বার পঠিত
ঘূর্ণিঝড় নাডা’র ছোবলে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচরের দক্ষিণে বঙ্গোপসাগরে রোববার সকালে ৪৭ জেলে নিয়ে আরো ৪ টি ফিসিং ট্রলার ডুবে গেছে। এ নিয়ে গত দু’দিনে ১০টি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে । এ ঘটনায় রোববার পর্যন্ত ৯৮ জেলে ১০টি ট্রলার নিখোঁজ রয়েছে। উপকূলজুড়ে জেলেদের স্বজনদের মাঝে উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে ।
শরণখোলা মৎস্য আড়ৎদার দেলোয়ার হোসেন জানান, রোববার সকালে শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের জামাল খানের ফিসিং ট্রলার “এফবি রানা” ১৩ জেলে নিয়ে সাগরে ডুবে যায় তবে ট্রলারের জেলেরা অন্য ট্রলারের সহায়তায় কুলে আসতে সক্ষম হলেও ট্রলারটি পানিতে তলিয়ে গেছে। বরগুনা জেলা ফিসিং শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মাষ্টার মোবাইল ফোনে জানান, রোববার সকালে পাথরঘাটার কাকচিরা এলাকার আবু হানিফের এফবি মায়েরদোয়া ট্রলারটি ১০ জেলে সহ সাগরে ডুবে যায়। ওই ট্রলারের কেউ উদ্ধার হয়নি । তারা সকলে পানিতে তলিয়ে গেছে বলে তিনি আশংকা প্রকাশ করেছেন ।
পাথরঘাটা ফিসিং ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি নুরুল ইসলাম মুঠোফোনে জানান, গতকাল বরগুনা ডেমা এলাকার আসলাম গাজীর এফবি ভাইভাই ট্রলার ১২ জেলে সহ ডুবে যায়। এরা হচ্ছেন ট্রলার মালিক আসলাম গাজী, জেলে তহিদুল, মাহবুব, ইদ্রিস গাজী, আলামিন, হাবিবুর রহমান, নুরজামাল, মিলন মিয়া ও সাগর।
কুয়াকাটা-আলীপুর ও মহিপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা মোবাইল ফোনে জানান, শনিবার ভোরে বাকেরগঞ্জের জয়দেব কুমারের ১৬ জেলে সহ এফবি মা বাবার দোয়া, মহিপুরের আনোয়ার সারেং-এর ১৭ জেলে সহ এফবি ভাইভাই , আলীপুরের ইউসুফ মিয়ার ১৮ জেলেসহ এফবি নুর বানু ও পটুয়াখালীর রাঙ্গাবালীর নাম অজানা একটি ফিসিং ট্রলার সাগরে ডুবে গেছে । এ ৪ টি ট্রলারের ৬৩ জেলের কোন সন্ধান এখনো মেলেনি । তিনি আরো জানান, সাগরে ডুবে যাওয়া এফবি শুকতারা ট্রলারের ১৮ জেলে রোববার সকালে মহিপুর ফিসিং ঘাটে পৌছলে তাদের সকলকে সমিতির পক্ষ থেকে প্রয়োজনীয় কাপড়চোপড় ও খাদ্য সামগ্রী দিয়ে নিজ নিজ বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন ।
কোষ্টগার্ড পশ্চিম জোন মোংলার অপারেশন স্টাফ অফিসার লেঃ কমান্ডার এ এম রাহাতুজ্জামান বলেন, কয়েকজন সংখ্যক জেলে নিখোঁজের বিষয়টি জেনেছেন এবং তাদের উদ্ধারে সাগরে কোষ্টগার্ডের জাহাজ ও টহল দল অভিযানে রয়েছে।

