‘বাংলাদেশ-ভারত সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ’
প্রকাশিত হয়েছে : ১০:২৯:৫৮,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০১৯ | সংবাদটি ৪৯৯ বার পঠিত
বাংলাদেশ-ভারতের ভাল প্রতিবেশীসুলভ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ শুক্রবার দিল্লিতে দুই দেশের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে এ মন্তব্য করেন তিনি। এর আগে সেখানে সফরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে স্বাগত জানান সুষমা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে সুষমা স্বরাজ বলেন, দুই প্রতিবেশির সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, দুই দেশের সত্যিকারের বন্ধন গড়ে উঠেছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে।
এদিকে পৃথক টুইট বার্তায় মুখপাত্র যৌথ পরামর্শ কমিশনের বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানান, নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য, সংযোগ, উন্নয়ন অংশীদারিত্ব, পানি, বিদ্যুত্, জ্বালানিখাত, কনস্যুলার এবং সাংস্কৃতিক সহযোগিতার অগ্রগতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
সর্বশেষ এক টুইট বার্তায় তিনি জানান, জেসিসি বৈঠকে গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এর আগে গত বুধবার চারদিনের সফরে ভারত পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। বৃহস্পতিবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।

