রানওয়ে থেকে ছিটকে গেল ভারতীয় বিমান
প্রকাশিত হয়েছে : ২:৫৮:১৩,অপরাহ্ন ২৭ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৭৭৮ বার পঠিত
ভারতের গোয়ায় রানওয়ে থেকে ছিটকে গেল জেট এয়ারওয়েজের একটি বিমান। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেট এয়ারওয়েজের মুম্বাইগামী বিমানটি ডাবোলিম বিমানবন্দর থেকে ওড়ার সময় রানওয়ে থেকে হঠাৎ পিছলে যায়। বিমানটিতে ১৬১জন যাত্রী ছিল। ঘটনায় বিমানের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কে বিমানের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ১৫ জন যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ ভোর পাঁচটার দিকে বিমানবন্দর থেকে বিমানটি ছাড়ার সময় এ ঘটনাটি ঘটে। জেট এয়ারওয়েজের বিমান 9W 2374 দুবাই
থেকে গোয়া হয়ে মুম্বাই যাচ্ছিল। ঠিক টেক-অফের সময় বিমানটি রানওয়ে থেকে পিছলে যায়। এক প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন, যখন বিমানটি খালি করা হচ্ছিল, তখনই সামনে দিকে হেলে গিয়েছিল।
ভারতীয় নৌ বাহিনী সূত্র জানিয়েছে, বিমানটি সামনে হেলে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে নৌ বাহিনী উদ্ধার কাজে অংশ নেয়।
জেট কর্তৃপক্ষের পক্ষ থেকে চিকিৎসদের একটি দলও পাঠানো হয়েছে।
বিমানে ১৫৪ জন যাত্রী ছিল। এছাড়া সাত জন বিমানকর্মী ছিল। আজ দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ডাবোলিম বিমানবন্দরের পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

