সিলেটে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা
প্রকাশিত হয়েছে : ২:১৬:২২,অপরাহ্ন ০৬ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৬২৮ বার পঠিত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে নির্বাচন কমিশনের (ইসি) সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধন হলে নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহারের সম্ভাবনা আছে বলে জানান তিনি।
শুক্রবার বিকেলে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টলে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের প্রদর্শনী দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচন কর্মকর্তা ও ইভিএম প্রস্তুতের ওপর ভোটগ্রহণের এ পদ্ধতির ব্যবহারের পরিধি নির্ধারণ হবে বলেও জানান তিনি।
ইভিএম নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, এখনো সব মানুষের কাছে ইভিএমকে পরিচিত করা যায়নি। তাই এ পদ্ধতি সম্পর্কে এখনো সবার স্বচ্ছ ধারণা নেই। দেশের ৬৪টি জেলায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ প্রদর্শনী শুরু হয়েছে। এই প্রদর্শনী দেখলে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ধারণা তৈরি হবে বলে মনে করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রমুখ।

