কানাইঘাটে ভাঙনের কবলে ১০ কিলোমিটার এলাকা
প্রকাশিত হয়েছে : ১২:৩৩:৩৩,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৫৬৯ বার পঠিত
কানাইঘাট প্রতিনিধি: উপজেলার সুরমা ও লোভা নদীর অব্যাহত ভাঙনে ডালাইচর থেকে আমরীখাল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এলাকা হুমকির মুখে। মারাত্মক ভাঙনে প্রতিদিন নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে সুরমা বেড়ি বাঁধ ও পার্শ্ববর্তী এলাকার অসংখ্য বাড়ী ঘর।
ভাঙন প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এ অবস্থায় ঝুঁকির মুখে রয়েছে এলাকার হাজারো মানুষ।
সুরমা ও লোভা নদীর অব্যাহত ভাঙনের কবলে পড়ে এর থেকে উত্তরণের কোনো উপায় না দেখে এবার রাস্তায় নেমেছে এলাকার মানুষ। ভাঙন প্রতিরোধে দ্রুত সরকারী উদ্যোগ গ্রহনের দাবীতে শনিবার (০৬ অক্টোবর) সকাল ১০টায় সুরমা ও লোভা নদীর তীরে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।
নদী ভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে ও দক্ষিণ লক্ষীপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমাছ উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কানাইঘাট সরকারি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ (চাকসু), সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম. এ হান্নান, চিত্রশিল্পী ভানু লাল দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রিংকু চক্রবর্তী, বিশিষ্ট মুরব্বী ফরিদ উদ্দিন, কাউন্সিলর তাজ উদ্দিন।এছাড়া উপস্থিত ছিলেন, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, মুক্তিযোদ্ধা মাস্টার মঞ্জুর হোসেন, নদী ভাঙন প্রতিরোধ কমিটির সহ সভাপতি বদরুল আলম চৌধুরী বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শাহাব উদ্দিন, মাস্টার নুরুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন আহমদ, ছাত্রলীগ নেতা ইয়াহিয়া ডালিম, রেজোয়ান এইচ মিনু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, সুরমা ও লোভা নদীর অব্যাহত ভাঙনে এলাকার বিভিন্ন গ্রামের ফসলী জমি, বাড়ী-ঘর, রাস্তা-ঘাট প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে। এ ব্যাপারে কোন ধরনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় নদী ভাঙনের সচিত্র সরকারের কাছে তোলে ধরার জন্য মূলত এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
এসময় বক্তারা, সুরমা ও লোভা নদীর অব্যাহত নদী ভাঙন রোধে ওই এলাকার ১০ কিলোমিটার নদী ভাঙন কবলিত এলাকায় অতি দ্রুত বেড়ি বাঁধ নির্মাণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।


