১৯ বিজিবির অভিযানে কানাইঘাট সীমান্তে ২৮৭ পিস শাড়িসহ প্রায় ৪১ লাখ টাকার মালামাল জব্দ
প্রকাশিত হয়েছে : ১১:৩৮:৪৯,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০২৬ | সংবাদটি 0 View

০৪ নভেম্বর ২০২৬: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চশমা, পাতার বিড়িসহ প্রায় ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা সিজারমূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজিবি জানায়, গত ৩ নভেম্বর রাত আনুমানিক ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন ১৯ বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে সিংগারখাল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৮৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, ৪২ পিস চাদর, ২ হাজার ২২০টি চশমা, ৫০০ পিস মেলব্রন ক্রিম ও ৫ হাজার ৪০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৩৯ লাখ ৭১ হাজার টাকা।
এ ছাড়া ৪ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোভাছড়া ও গুয়াবাড়ি বিওপির বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৫ বিড়া ভারতীয় খাসিয়া পান ও দুটি গরু জব্দ করা হয়, যার সিজারমূল্য ১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।
দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
