মানবিক মূল্যবোধগুলো কেন হারিয়ে গেল? ড. আবদুল লতিফ মাসুম
প্রকাশিত হয়েছে : ১২:৩২:৪১,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০১৬ | সংবাদটি ৮১২ বার পঠিত
রাষ্ট্রবিজ্ঞানের পিতৃপুরুষ অ্যারিস্টটল রাষ্ট্রকে একটি নৈতিক প্রতিষ্ঠান বলে বর্ণনা করেছেন। রাষ্ট্রের নাগরিক সাধারণকে ‘সত্য ও সুন্দরের পথে’ পরিচালনা করা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র ‘জাতি গঠন প্রক্রিয়া’র মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক, সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ হিসেবে গড়ে তুলতে চায়। প্রতিটি রাষ্ট্র তার জাতীয় আদর্শ, বিশ্বাস ও মূল্যবোধ দ্বারা পরিচালিত হবে- এটাই স্বাভাবিক। তাই দেখা যায়, উন্নত দেশগুলো একটি সুদীর্ঘ পরিকল্পনার মাধ্যমে জাতির ভবিষ্যৎ নির্মাণ করতে চায়। রাষ্ট্রবিজ্ঞানে এই পরিকল্পনার নাম হচ্ছে ‘পলিটিক্যাল সোস্যালাইজেশন’। বাংলায় একে আমরা ‘রাজনৈতিক সামাজিকীকরণ’ বলতে পারি। এর অর্থ হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক ব্যবস্থাকে আদর্শ ও উদ্দেশ্য অনুযায়ী ঢেলে সাজানো। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, রাজনৈতিক প্রতীক এবং রাষ্ট্রের আদর্শÑ এ প্রক্রিয়ার মাধ্যমে অনুশীলন, অনুকরণ এবং অনুসরণ করা হয়। সমাজের সক্রিয় অথবা নিষ্ক্রিয় সব শ্রেণীর মানুষকে সম আদর্শে দীক্ষিত করা ‘রাজনৈতিক সামাজিকীকরণের’ উদ্দেশ্য। রাষ্ট্রের সার্বিক ব্যবস্থাকে একই উদ্দেশ্য অভিসারী এবং প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সম্পর্কের সামঞ্জস্য বিধান রাজনৈতিক সামাজিকীকরণের কাজ। দ্বিবিধ উপায়ে এটি অর্জিত হতে পারে- ব্যক্তিগত ও সমষ্টিগত পার্যায়। রাষ্ট্র তার রাজনৈতিক আদর্শকে চিরস্থায়ী এবং সক্ষম করার জন্য ভবিষ্যৎ বংশধরদের চিন্তা ও কর্মে পরিবর্তন আনতে চায়। যেসব প্রথা, প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সামাজিকীকরণ পরিচালিত হয়, এগুলো হলো- ক. পরিবার খ. শিক্ষাব্যবস্থা গ. গণমাধ্যম ঘ. কর্মক্ষেত্র ঙ. পরিবেশ প্রতিবেশ এবং চ. রাজনৈতিক কার্যক্রম ইত্যাদি। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে যেখানে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো অস্থিতিশীল, দুর্বল এবং অপ্রায়োগিক সেখানে কাক্সিক্ষত রাজনৈতিক মানস গড়ে ওঠা অসম্ভব। অপর দিকে উন্নত দেশগুলোতে রাজনৈতিক দীক্ষা ঐতিহ্যগতভাবে অনুসরণের কারণে রাজনৈতিক সফলতা দৃশ্যমান। আমাদের মতো দেশে যেখানে রাজনৈতিক সদাচরণের জন্য আনুষ্ঠানিক আবেদন জানানো হয়, সেখানে পশ্চিমা দেশগুলোতে অনুসৃত নীতিমালা অদৃশ্যমান এবং অনানুষ্ঠানিক। উদাহরণ হিসেবে ব্রিটেনের সংবিধান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতির কথা উল্লেখ করা যায়।
রাজনৈতিক সামাজিকীকরণ রাষ্ট্র ও সমাজে আদর্শিক, নিয়মতান্ত্রিক এবং ধারণযোগ্য প্রাতিষ্ঠানিকতা আনে। ফলে রাজনৈতিক আচরণ প্রতিফলিত হয় রাজনৈতিক অংশগ্রহণে। শাসকগোষ্ঠীর মনোনয়ন, নির্বাচন এবং রাজনৈতিক ব্যবস্থাপনায় পরিপক্বতা প্রদর্শিত হয়। রাজনৈতিক বলয়ে সামাজিক সহানুভূতি, সহনশীলতা এবং সহাবস্থান নিশ্চিত হয়। ফলে রাজনৈতিক নেতৃত্ব, নির্বাচনব্যবস্থা এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশ গণতন্ত্রের অনুকূলে অর্জিত হয়।
সাম্প্রতিক নাগরিক সাধারণের আচার-আচরণ ও কর্মকাণ্ডে অন্যায়, অনাচার, নিষ্ঠুরতা, নির্মমতা এবং পাশবিকতা এমনভাবে দৃশ্যমান হয়ে উঠছে যে দেশের প্রধানমন্ত্রী থেকে সাধারণ নাগরিক পর্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছেন। গত সপ্তাহে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগমের ওপর ছাত্রলীগ নেতা যে পৈশাচিক হামলা চালায় তা গোটা জাতিকে বিচলিত করে। শুধু একজন খাদিজা নয়, বাংলাদেশ সমাজের সর্বত্র প্রতিদিন এ রকম নৃশংস ঘটনা ঘটছে। যে পিতা সন্তানের সর্বোচ্চ সম্মান, শ্রদ্ধা ও মমত্বের দাবিদার, তিনি পুত্রের হাতে প্রাণ দিচ্ছেন। যে সন্তানের জন্য মায়ের কোল সবচেয়ে নিরাপদ, সবচেয়ে মায়া মমত্বের, সে সন্তান খুন হচ্ছে মায়ের হাতে। যে ভাই ভ্রাতৃত্বের বন্ধনে বুকে রাখবে আরেক ভাইকে, আজ সে ভ্রাতৃহন্তার অভিযোগে অভিযুক্ত। ‘বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু’- এ কথা সবাই জানে; কিন্তু আজ সেই বন্ধু নির্ভরযোগ্য নয়। মাস্তানদের দৌরাত্ম্যে বাংলাদেশ আজ দিশেহারা। আজ যারা ‘ন্যায়ের প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিবাদ করছে’ তারা অসহায় হয়ে পড়েছে। সমাজের যে কিশোর সবার সতর্কতায় যেভাবে বেড়ে ওঠার কথা, আজ তারা দস্যু বাহারামের সাথী হয়ে উঠেছে। তাহলে সঙ্গতভাবেই প্রশ্ন আসে কী কারণে মানুষগুলো অমানুষ হয়ে উঠল? এই অমানুষগুলো নিশ্চয়ই আলাদিনের চেরাগের ঘষায় হঠাৎ করেই দেও দানবে পরিণত হয়নি। রাষ্ট্রের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে তাহলে কি যথার্থ লালন-পালনের অভাব ছিল? যে মানবিক গুণগুলো দয়া-মায়া, স্নেহ-মমত্ব তাদের মধ্যে উৎসারিত হওয়ার কথা ছিল, তা না হয়ে কেন হিংসা-প্রতিহিংসা, সন্ত্রাস-সহিংসতা এবং নৃশংসতা-পাশবিকতা তাদের মধ্যে প্রবিষ্ট হলো। তারা কেন চোর-চোট্টা, গুণ্ডা-পাণ্ডা, বাটপাড়-বদমায়েশ এবং দলবাজ-চাঁদাবাজ হয়ে উঠল। পিতা-মাতা, পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শিক্ষক-অভিভাবক সর্বোপরি সমাজ ও নেতৃত্বের দায়দায়িত্বে যারা আছেন তাদের সবাইকে এর জন্য জবাবদিহি করতে হবে। ভাবতে হবে। এভাবে দুঃসহ পরিবেশ থেকে উত্তরণ ঘটবে। যেখানে বাবা-মা তার সন্তানের খবর রাখে না, যে শিক্ষাব্যবস্থা শুধু ভোগের আহ্বান জানায়, যে গণমাধ্যম মাস্তান তৈরির কারখানায় রূপান্তরিত হয়েছে, যে কর্মক্ষেত্র দুর্নীতির বিশ্বজোড়া খ্যাতি! অর্জন করে যে পরিবেশ অপরাধের জগৎ সৃষ্টি করে এবং যে রাজনীতি দুর্বৃত্তায়নে পরিণত হয়েছে তার থেকে বদরুল তৈরি হবে নাকি ফেরেশতা? দায় আমাদের সবার। আমরা তেঁতুলগাছ লাগিয়ে মিষ্টি আম খাওয়ার আশা করতে পারি না।
রাষ্ট্রের কর্ণধার হিসেবে যথার্থভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদিজার বিষয়ে তার উদ্বেগ ও উৎকণ্ঠার কথা প্রকাশ করেছেন। গত ৬ অক্টোবর দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনীর দিনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী প্রশ্ন উত্থাপন করেন ‘কেন মানবিক মূল্যবোধগুলো হারিয়ে গেল?’ কেন কেউ মেয়েটিকে বাঁচাতে এগিয়ে এলো না? প্রধানমন্ত্রী বলেন, ‘মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে, যা খুবই দুঃখজনক। আমাকে অবাক করে দেয় সিলেটে একটি মেয়েকে কিভাবে কোপানো হলো। আমার অবাক লাগল, ছবিতে দেখলাম মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মোবাইলে ভিডিও তুলছে ! অথচ কেউই মেয়েটিকে বাঁচাতে এগিয়ে এলো না। চেষ্টাও করল না। একটা লোক কোপাচ্ছে আর এতগুলো লোক দাঁড়িয়ে দেখছে, তাদের হাতে কি কিছুই ছিল না? মেয়েটিকে রক্ষা করতে পারত না? কেন এই মানবিক মূল্যবোধগুলো হারিয়ে গেল?’ এ প্রশ্ন যেমন প্রধানমন্ত্রীর, ঠিক তেমনি এ দেশের কোটি কোটি মানুষের।
বাংলাদেশ জাতি ও রাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য যারা জানেন তারা নিশ্চয়ই অবগত আছেন যে, বাংলাদেশ সমাজের গতি-প্রকৃতি-বৈশিষ্ট্যে এই নির্মমতা, এই নিষ্ঠুরতা কখনো ছিল না। সুজলা সুফলা শস্য শ্যামলা- এই বাংলার মানুষগুলোও এর প্রকৃতির মতো। সহজ-সরল মানবিকতায় বিদগ্ধ। দয়া-মায়া, স্নেহ-মমত্ব অন্তঃসলিলা ফল্গুধারার মতো বাংলাদেশের মানুষের শিরায় শিরায় প্রবাহিত। ‘মায়া-মমতায় জড়াজড়ি করি, মোর দেহখানি রহিয়াছে ভরি’। যে মানুষের হৃদয় এর পলিমাটির মতো নরম, কিভাবে আজ তা পাপের ভারে ভারাক্রান্ত হলো? সমাজের যেকোনো সমস্যার বহুমুখী ব্যাখ্যা থাকতে পারে। মনীষী ইবনে খলদুন তার বিখ্যাত গ্রন্থ ‘আল মোকাদ্দেমা’য় ‘আশাবিয়াহ’ বা গোত্র-গোষ্ঠীতত্ত্ব দিয়েছেন। ভালো কিংবা মন্দ- সব কিছুর জন্য তিনি রক্তের উত্তরাধিকারকে দায়ী করেছেন। কার্ল মার্কস তার বিখ্যাত ‘অর্থনৈতিক নির্ধারণবাদ’ বা ‘ইকোনমিক ডিটারম্যানইজম’ দর্শনের মাধ্যমে সব কিছুকে অর্থনৈতিক কার্যকারণ সূত্র দ্বারা ব্যাখ্যা করেছেন। আরেকজন মনীষী সিগমান্ড ফ্রড মনোস্তত্ত্ব প্রকারান্তরে কামসূত্র দ্বারা পৃথিবীর সব ঘটনা ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন। ভোগবাদ বা ইপিকিউরিয়নইজম নামে একটি দর্শন আছে। এ দর্শনে জীবনের সব কিছু ইন্দ্রিয় সুখ দ্বারা নির্ণয় করেছে। এর বিপরীতে ধর্ম এবং নীতিশাস্ত্র জীবনকে ন্যায়ের ভিত্তির ওপর স্থাপন করেছে। ধর্ম ও নীতিশাস্ত্র মানুষকে ন্যায়, ভালোত্ব, যথার্থতা, কর্তব্যবোধ, দায়িত্ববোধ এবং যৌক্তিকতা শেখায়। ফলে জীবন হয়ে ওঠে পুণ্যময়। ইংরেজিতে বলা হয় ‘ভার্চু’। আমরা যে সওয়াবের কথা বলে থাকি, আসলে তা এই পুণ্য বা ভার্চু। আমাদের ভালোত্বের মধ্য দিয়ে ভালো মানুষ গড়তে পারি, ভালো সমাজ গঠন করতে পারি। আর খারাপের মধ্য দিয়ে খারাপ সমাজই নির্মিত হবে। রাষ্ট্রবিজ্ঞানে বলা হয়, সুশাসন বা গুডগভার্নেন্স। এর বিপরীতটি নিঃসন্দেহে কুশাসন। রাষ্ট্রবিজ্ঞানে স্বৈরতন্ত্র, কর্তৃত্বতন্ত্র, একনায়কতন্ত্র, দলতন্ত্র, ব্যক্তিতন্ত্র ইত্যাদি শব্দ দ্বারা কুশাসন চিহ্নিত করা হয়।
এত সব তন্ত্র-মন্ত্র আসলে ব্যক্তি বা শাসকের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। ব্যক্তি যদি ন্যায়কে নিশ্চিত করে আইনের শাসন কায়েম করে এবং সবার তরে কাজ করে তাহলে পরে তাকে বলা হয় ‘মহৎ ব্যক্তিশাসন’। তবে আজকাল ‘নোবল লিডারশিপ’ খুঁজে পাওয়া দুষ্কর। তাই ভালো-মন্দ মিলিয়ে গণতন্ত্রই হচ্ছে সুশাসনের সমার্থক। একজন রাজনীতিবিদ কলাম লিখে বলতে চেয়েছেন গণতান্ত্রিক পরিবেশ নেই বলেই খাদিজার নির্মম ঘটনাটি ঘটতে পেরেছে। যদি মানুষ যথার্থভাবেই তার সাহসকে প্রকাশ করার যথার্থ স্বাধীনতা ভোগ করত তাহলে ‘নাগরিক স্বাধীনতা’র সেই অনিবার্য অধিকার খাদিজাকে রক্ষা করতে পারত। সুতরাং নেতৃত্ব কর্তৃত্বের ধরন-ধারণের ওপর রাষ্ট্রের নাগরিক চরিত্র গঠন অধিকাংশে নির্ভরশীল। ‘রাজনৈতিক সামাজিকীকরণ’, যা নিবন্ধের প্রথমেই ব্যাখ্যা করা হয়েছে এবং অবশেষে আমরা যে তন্ত্র-মন্ত্রের কথা বললাম- এই দুটো দৃষ্টিভঙ্গিতেই যদি খাদিজার নির্মম ঘটনাটি বিশ্লেষণ করি তাহলে প্রমাণ হয় যে, বাংলাদেশ রাষ্ট্র বিগত অর্ধ শতাব্দী ধরে কাক্সিক্ষত নাগরিক গড়তে ব্যর্থ হয়েছে। আর তন্ত্রের কথা যদি বলা হয় তাহলে যে তন্ত্র-মন্ত্র এবং নেতৃত্ব কর্তৃত্ব দ্বারা আমরা শাসিত হয়েছি এত দিন ধরে তারা আমাদের সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। একটি সমাজ যদি কুশাসনে জর্জরিত হয় তাহলে ‘সু’ সে সমাজ থেকে পালিয়ে যায়। ‘দুষ্টের দমন শিষ্টের পালন’ রাজার ধর্ম। তা না হয়ে শিষ্টের দলন এবং দুষ্টের পালন যদি রাজার ধর্ম হয় সেখানে প্রজাসাধারণের ভূমিকা পালনের কোনো সুযোগ থাকে না।
আগেই বলা হয়েছে আলাদিনের চেরাগে বদরুল দানবে পরিণত হয়নি। এর একটি পটভূমি আছে। একটি প্রক্রিয়া আছে। একজন পণ্ডিত ব্যক্তি যথার্থভাবেই পত্রিকান্তরে প্রশ্ন তুলেছেন, যারা এই বদরুল সৃষ্টি করল, বদরুল তৈরির কারখানার মালিক-মোখতার যারা তাদের কি বিচার করা সম্ভব? এমনকি চিহ্নিত করাও কি সম্ভব? বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে তার অবসান না হলে বদরুলরা আরো বড় হয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রকে বিষবৃক্ষে পরিণত করবে। তখন সেই বিষবৃক্ষের বিষক্রিয়ায় আমরা সবাই- আমাদের আত্মাগুলো মৃত্যুবরণ করবে। আইয়ুব স্বৈরাচারের সময়ে কবি শামসুর রাহমান লিখেছিলেন, ‘মেষ রে মেষ, আছিস বেশ’। একসময় মেষরা জেগে উঠেছিল। আমরাও মেষদের জেগে ওঠার অপেক্ষায় থাকলাম।
লেখক : অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Mal55ju@yahoo.com
