১৯ বিজিবির অভিযানে কানাইঘাট সীমান্তে ১৫ লাখ টাকার ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা জব্দ
প্রকাশিত হয়েছে : ১২:৪৯:০৮,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত

০৬ নভেম্বর ২০২৬: সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। জব্দ করা জিরার সিজারমূল্য প্রায় ১৫ লাখ ১২ হাজার টাকা।
বিজিবি জানায়, গত ৫ নভেম্বর দুপুর আনুমানিক সাড়ে ২টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন ১৯ বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ ভেতরে বাদশা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়, যার সিজারমূল্য ১০ লাখ ৮ হাজার টাকা।
এ ছাড়া ৬ নভেম্বর সকাল আনুমানিক ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির আরেকটি আভিযানিক টহলদল কানাইঘাট সীমান্ত থেকে প্রায় ৬০০ গজ ভেতরে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪২০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়, যার সিজারমূল্য ৫ লাখ ৪ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
